ঢাকায় আনা হলো কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৮:৫৭ এএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের হওয়া একটি হত্যা মামলায় গ্রেফতার কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। রবিবার (২৪ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল মহানগরের বাংলা বাজার এলাকার একটি বাসায় সিআইডির বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছেন, ঢাকা থেকে আসা সিআইডির একটি দল স্থানীয় পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আটক করার পরপরই তৌহিদ আফ্রিদিকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

সিআইডি সূত্রে জানা গেছে, জুলাই অভ্যুত্থান চলাকালে রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলায় তিনি ১১ নম্বর আসামি।

তৌহিদ আফ্রিদি মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর ছেলে। গত বছরের ১ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় নাসির উদ্দিন সাথী ও তার ছেলে তৌহিদ আফ্রিদিসহ ২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনার নামও অন্তর্ভুক্ত রয়েছে।

এ মামলায় এর আগে ২২ নম্বর আসামি নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে রিমান্ডে নেওয়া হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত