ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় আবারও রাজনীতির আলোড়ন সৃষ্টি করেছেন। ২২ আগস্ট তামিলনাড়ুর মাদুরাইয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রায় চার লাখ মানুষ সমবেত হন। সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপিকে ‘আদর্শিক শত্রু’ আখ্যা দিয়ে সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। অভিনেতা থেকে রাজনীতিতে পদার্পণের পর বিজয় বারবার নানা কর্মকাণ্ডের মাধ্যমে জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সমাবেশে বিজয় হুঙ্কার দিয়ে বলেন, “জঙ্গলে শেয়াল, চিতা নানা প্রাণীই থাকে। কিন্তু সিংহ থাকে একটাই। সিংহ একা হলেও সবসময় সেটি সিংহই থাকবে। তামিলগা ভেট্রি কাজাগাম (টিভিকে) কাউকে ভয় পায় না। পুরো তামিলনাড়ু আমাদের সঙ্গে আছে। আসুন, আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে একসঙ্গে রুখে দাঁড়াই।” এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে স্থানীয় নির্বাচনে বিজয় তার ফ্যানক্লাব ‘বিজয় মাক্কাল ইয়াক্কালাম’ থেকে রাজনৈতিক যাত্রা শুরু করেন। নির্বাচনে ১৬৯ আসনের মধ্যে ১১৫টি আসনে জয়লাভ করে দলটি। এরপর থেকেই তার রাজনীতিতে অংশগ্রহণ ও রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আলোচনা শুরু হয়।
২০২৪ সালে বিজয় নিজেই তামিলগা ভেট্রি কাজাগাম দল গঠন করে রাজনীতিতে আত্মপ্রকাশ করেন। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন, চিকিৎসকদের প্রবেশিকা পরীক্ষা ও এনইইটির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও পেট্রোল ও ডিজেলের বাড়তি মূল্যের প্রতিবাদে ভোটকেন্দ্রে সাইকেলে চড়ে হাজির হয়েছিলেন। চলতি বছর রমজানেও তিনি তামিলনাড়ুর মুসলিমদের সঙ্গে ইফতার করেন। এসব ঘটনায় তিনি বারবার জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছেন।
অভিনয় জীবনে ‘লিও’, ‘মার্শাল’, ‘সরকার’, ‘থেরি’ সহ বহু জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন বিজয়। তার সিনেমার জনপ্রিয়তা ও নায়কত্বের ধারা রাজনীতিতেও প্রতিফলিত হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, ২৬-এর বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ডিএমকে’-কে কঠিন পরীক্ষার মুখে ফেলতে যাচ্ছেন থালাপতি বিজয়।
সূত্র: এনডিটিভি ও ইন্ডিয়া টুডে
শেখ হাসিনার বিরুদ্ধে ৮ম দিনের সাক্ষ্যগ্রহণ আজ