কুমিল্লায় বুলু

কিছু লোক ষড়যন্ত্র করে পিআর পদ্ধতি চাপিয়ে দিতে চায়

আপডেট : ২৫ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম

বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি মানুষকে বোকা বানানোর একটি কৌশল। কিছু ধর্মব্যবসায়ী এখন এটি নিয়ে মাঠে নেমেছেন। সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বরকত উল্লাহ বুলু বলেন, উপমহাদেশে গণতন্ত্রের আঁতুড়ঘর বলে পরিচিত ভারতের মানুষও পিআর পদ্ধতি সম্পর্কে জানে না। অথচ আমাদের দেশে কিছু লোক ষড়যন্ত্র করে এই পদ্ধতি চাপিয়ে দিতে চায়।

তিনি বলেন, পিআর পদ্ধতি নিয়ে যারা ষড়যন্ত্র করছে, নির্বাচন বানচাল করতে চাচ্ছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এটি একটি গভীর ষড়যন্ত্র।

বুলু অভিযোগ করে বলেন, বাড়ি বাড়ি গিয়ে সহজ-সরল মা-বোনদের কাছে ধর্মের নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বলা হচ্ছে, জামায়াত করলে বেহেশতে যাওয়া যাবে। নেতাকর্মীদের এসব বিষয়ে সতর্ক থাকতে হবে।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, জাতীয় নির্বাহী কমিটির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজিব, কেন্দ্রীয় বিএনপির সদস্য সাবেরা আলাউদ্দিন হেনা, মহানগর বিএনপি নেতা আমিরুজ্জামান আমির।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব সফিউল আলম রায়হান। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির নেতা হাজী জসিম উদ্দিন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী জসিম উদ্দিন, জেলা নেতা মোস্তফা জামান, নজরুল ইসলাম স্বপন, মুজাহিদ চৌধুরী, নারী নেতা সাকিনা বেগম, মাহবুব চৌধুরীসহ কুমিল্লা জেলা, মহানগর ও উপজেলার বিএনপির নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত