রাজবাড়ীর পাংশায় সরিষা সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুস সোবহানকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। বিএনপির একটি মিছিল থেকে বেরিয়ে কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। হামলায় তার পা ভেঙে গেছে বলে জানিয়েছেন। গত সোমবার রাত সাড়ে ৭টার দিকে পাংশা শহরের রেলস্টেশন এলাকার ফল বাজারে এ ঘটনা ঘটে।
সরিষা সরকারি কলেজ জাতীয়করণের আগে সরিষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন আব্দুস সোবহান। এ ছাড়া তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
আব্দুস সোবহানের পরিবার সূত্রে জানা যায় জানান, নাতির জন্য ফল কিনতে তিনি ওই বাজারে গিয়েছিলেন। এ সময় বিএনপির একটি মিছিল আসতে দেখে তিনি সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। মিছিলটি অতিক্রম করার সময় কয়েকজন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেল দিয়ে তার পথরোধ করে। পালানোর চেষ্টা করেও তিনি কোনো পথ পাননি। একপর্যায়ে তাকে হকি স্টিক, হাতুড়ি ও লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ফেলে রেখে যায় হামলাকারীরা।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা নেওয়ার পর বর্তমানে তিনি বাড়িতে অবস্থান করছেন। আক্ষেপ করে আব্দুস সোবহান বলেন, তার ওপর এ ধরনের হামলা হতে পারে তা তিনি কখনো কল্পনাও করেননি। কারও সঙ্গে কোনো দিন ঝামেলা বা বিবাদে জড়াননি বলেও জানান তিনি।
পাংশা উপজেলা বিএনপির সভাপতি চাঁদ আলী খান জানান, ‘ওটি ছাত্রদলের মিছিল ছিল। মিছিলে সরিষা ইউনিয়নের লোকজনও ছিল। চার-পাঁচটি ছেলে তাকে আঘাত করে। আমাদের লোকজনই সেগুলো ঠেকায়। এটি এলাকার ব্যক্তিগত শত্রুতার কারণে হতে পারে। তারপরও আজ বিকেলে মিটিং ডেকেছি। সবাইকে সতর্ক করা হবে, যেন কেউ অহেতুক কোনো ঝামেলায় না জড়ায়।’