লিভারপুল প্রথমে এগিয়ে যাওয়ার পর অ্যান্থনি গর্ডন লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন। তবু হাল ছাড়ল না নিউক্যাসল ইউনাইটেড। বাকি সময় ১০ জন নিয়ে খেলে ৪৬ মিনিটে হজম করে দ্বিতীয় গোলও। তবে ৮৮ মিনিটে ম্যাচে সমতা।
তবে নাটকের সেখানেই শেষ নয়। ৯৬ মিনিটে বদলি নেমে ১০০ মিনিটে গোল করে সব হিসেব বদলে দিলেন লিভারপুলের ১৬ বছর বয়সী ফরোয়ার্ড রিও এনগুমোহা। প্রতিপক্ষের মাঠে সোমবার রাতে প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি লিভারপুল জিতেছে ৩-২ গোলে। প্রিমিয়ার লিগের ইতিহাসে এনগুমোহার (১৬ বছর ৩৬১ দিন) চেয়ে কম বয়সে গোল আছে কেবল তিন জনের।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৭ দলের এই কিশোর এখন লিভারপুলের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা। প্রিমিয়ার লিগে ১৬ বছর বয়সে জয়সূচক গোল করা দ্বিতীয় খেলোয়াড়ও এনগুমোহা। তাঁর আগে ২০০২ সালে এভারটনের হয়ে আর্সেনালের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন ওয়েইন রুনি। রুনির চেয়ে মাত্র একদিন বেশি বয়সে গোলটি করলেন এনগুমোয়া।
প্রথমার্ধে তিন মিনিটের মধ্যে দুটি গোলের সুযোগ পান নিউক্যাসলের গর্ডন। প্রথমবার সতীর্থের ক্রসে হেড লক্ষ্যে রাখতে পারেননি। পরে কাছ থেকে ঠিকমতো শট নিতে পারেননি এই ইংলিশ উইঙ্গার। ৩৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। কোডি গাকপোর পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের নিচু শট নিউক্যাসলের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পাল্টে পোস্টে লেগে জালে জড়ায়। ৪১ ম্যাচের খরা কাটিয়ে প্রিমিয়ার লিগে গোলের দেখা পেলেন নেদারল্যান্ডসের এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তাতে প্রিমিয়ার লিগে ক্লাব রেকর্ড টানা ২২ অ্যাওয়ে ম্যাচে গোল করল অলরেডরা।
প্রথমার্ধের যোগ করা সময়ে লিভারপুল অধিনায়ক ভার্জিল ফন ডাইককে পেছন থেকে বাজেভাবে ফাউল করেন গর্ডন। ভিএআর দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ৪৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল। বক্সে গাকপোর পাস থেকে গোল করেন একিতিকে।
৫৭ মিনিটে হেডে গোল করে ব্যবধান কমান ব্রুনো গিমারাইস। ৮৮ মিনিটে মাঝমাঠ থেকে নিউক্যাসল গোলকিপার পোপের ফ্রি-কিকে বক্সের বাইরে লিভারপুলের এক ডিফেন্ডারের পিঠে লাগার পর ছুটে গিয়ে জালে পাঠান ওসুলা।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গাকপোর বদলি হিসেবে নুমোহাকে নামান লিভারপুল কোচ আর্না স্লট। দশম মিনিটে মোহামেদ সালাহর পাস বক্সে ফাঁকায় পেয়ে ডান পায়ের শটে জালে পাঠিয়ে উল্লাসে মেতে ওঠেন ইংলিশ ফরোয়ার্ড এনগুমোহা।
দুই ম্যাচের দুটিই জিতে ৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিন নম্বরে আছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে টটেনহ্যাম হটস্পার দুইয়ে ও আর্সেনাল আছে শীর্ষে।
শেষপর্যন্ত নেইমারকে ব্রাজিল দলে রাখলেন না আনচেলত্তি
বান্ধবীর জন্মদিনে প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন ইয়ামাল