ঢাকার পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বিজিবির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে বৈঠক শুরু হয়। চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ২৮ আগস্ট।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে একই ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এবার তারই ধারাবাহিকতায় বাংলাদেশে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে।
সম্মেলনে সীমান্ত হত্যা, পুশ-ইন ও অনুপ্রবেশ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা হচ্ছে। এছাড়া— সীমান্তবর্তী এলাকায় ১৫০ গজের ভেতরে উন্নয়নমূলক কার্যক্রম ও অবকাঠামো নির্মাণ, নদীর তীর সংরক্ষণ এবং সীমান্তবর্তী নদীর পানির ন্যায্য হিস্যা আদায়, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ পদক্ষেপ —এসব বিষয়েও দুই পক্ষ গুরুত্ব দিচ্ছে।
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী প্রচারণা এবং তা থেকে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমনের বিষয়টিও আলোচনায় রয়েছে। পাশাপাশি দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা দিক নিয়েও আলোচনা হবে।
বাংলাদেশের পক্ষে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে।
অন্যদিকে ভারতের প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী, আইপিএস। তাদের সঙ্গে আরও ১১ জন কর্মকর্তা রয়েছেন।
ইসরায়েলি হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
জামায়াতপন্থি বাবার পক্ষে ভোট চাওয়ায় বিএনপিপন্থি ছেলেকে অব্যাহতি