নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জামায়াতপন্থি বাবার পক্ষে ভোট প্রচারণায় যুক্ত থাকার অভিযোগে অ্যাডভোকেট আদনান মোল্লাকে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মো জাকির হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আব্দুল গাফ্ফারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
আদনান মোল্লা এবারের নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলের সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এ. হাফিজ মোল্লাহর ছেলে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, তিনি ফোরামের সদস্য পদে থাকা সত্ত্বেও জামায়াত সমর্থিত প্রার্থীদের নির্বাচনী প্রচারণায় সরাসরি যুক্ত ছিলেন, যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের শামিল। তাই তাকে প্রাথমিক সদস্যসহ ফোরামের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আদনান মোল্লা বলেন, "আমার জানা নেই এবং এখনও আমাকে এ বিষয়ে কিছু বলা হয়নি। যদি বহিস্কার করা হয়, আমি কিছু করতে পারব না। আমি আমার বাবার বিরোধিতা করতে পারি না।"
ফোরামের সাবেক সভাপতি ও নির্বাচনে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন, কেন্দ্রীয় কমিটির পরামর্শ অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে।
মুন্সিগঞ্জে পুলিশের ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
বনানীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ