বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:১৩ এএম

তিন দফা দাবিতে রাজধানীতে আজ বুধবার (২৭ আগস্ট) ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করতে যাচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা। সকাল ১০টায় শাহবাগ মোড়ে এ কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।

প্রকৌশলী অধিকার আন্দোলনের সভাপতি ওয়ালী উল্লাহ মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে এক ঘোষণায় এ কর্মসূচির বিস্তারিত জানান। তিনি বলেন, এ কর্মসূচিতে দেশের সব প্রকৌশল বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ওয়ালী উল্লাহর ভাষ্য, ‘আমাদের আন্দোলন কারও বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে প্রকৌশল খাতে যে বৈষম্য ও অনিয়ম চলে আসছে, তা দূর করে সংস্কার আনার উদ্দেশ্যেই এ আন্দোলন।’

এর আগে, মঙ্গলবার বিকেল থেকে রাত পর্যন্ত প্রায় পাঁচ ঘণ্টা রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি ও অবরোধ চালান বুয়েটসহ বিভিন্ন বেসরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত আটটার দিকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে তারা নতুন কর্মসূচি হিসেবে ‘লংমার্চ টু ঢাকা’র ঘোষণা দেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবি

১. ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ উপাধি ব্যবহার করা যাবে না।
২. কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা যাবে না।
৩. দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত