দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ক্লাস ও পরীক্ষা বন্ধ রেখে পূর্ণাঙ্গ ধর্মঘট বা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগের কথা বিবেচনায় শাহবাগ অবরোধ থেকে সরে এসেছে তারা।
বুধবার (২৭ আগস্ট) রাতে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এ কর্মসূচি ঘোষণা করে জানান, ‘আজ দেশের সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা সব বন্ধ থাকবে। বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানানো হবে। জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি এড়িয়ে চলাই আমাদের সিদ্ধান্ত।’
তিনি আরও বলেন, ‘আমাদের ৩ দফা দাবির কোনোটাই পূরণ হয়নি। পলিসি মেকার যারা বসে আছেন তারা কেউ আমাদের আন্দোলনের বিষয় সম্পর্কে কিছুই জানে না।’
লিপু জানান, উপদেষ্টা পরিষদের চার সদস্য ও প্রকৌশলীদের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিতে শিক্ষার্থীদেরও প্রতিনিধি যুক্ত হবে।
অন্যদিকে, গতরাতে শাহবাগে গিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, ‘এ ঘটনায় আজই একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’
এর আগে, সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা ফাওজুল কবির খান ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বৈঠক শেষে ফাওজুল কবির খান জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা অনাকাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের দাবি চাকরি বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে। এর সাথে জড়িত সকল অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। আজ আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’
তিনি আরও বলেন, ‘দাবি-দাওয়া, আলোচনা সবকিছু হবে। কিন্তু কথায় কথায় শাহবাগ অবরোধ ও যমুনায় যাওয়া এটা গ্রহণযোগ্য হতে পারে না। ছাত্রদের জন্য আমাদের দরজা খোলা। তাদের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত থাকবে।’
আজ ঘোষণা হবে নির্বাচনের রোডম্যাপ
টাকা ছাড়া ‘রা’ নেই আদালতে