আর কয়দিন পরই এশিয়া কাপের মঞ্চে দেখা যাবে ভারত-পাকিস্তান দ্বৈরথ। দুই দেশের উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির আবহে এশিয়া কাপের ওই ম্যাচকে নিয়ে সম্প্রচারকারী চ্যানেল একটি প্রচারমূলক একটি বিজ্ঞাপন প্রকাশ করেছে। ওই বিজ্ঞাপনে অভিনয় করে বেশ বিপাকেই পড়েছেন ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ। অনেকেই তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ১৪ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসবাদী হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছিল ভারত। এমনকী সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টেও তারা পাকিস্তানের বিপক্ষে খেলেনি। কিন্তু এশিয়া কাপে ভারত খেলতে রাজি হওয়ায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকারের ক্রীড়ানীতিতে পরিষ্কার করে বলা হয়েছে, আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে খেলতে কোনো সমস্যা নেই। কিন্তু ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে সংশ্লিষ্ট চ্যানেলের প্রচার শুরু হতেই নতুন বিতর্ক তৈরি হয়েছে। ওই বিজ্ঞাপনে যে আবেগের ছবি দেখানো হয়েছে, সেটা পছন্দ করছেন না অনেকেই। সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলছেন, পেহেলগামের ঘটনাকে কীভাবে ভুলে গেছে সবাই?
অনেকে আবার বলেছেন, এই শেবাগই তো সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার বিপক্ষে ছিলেন। তাহলে তিনি কেন আবার এই ভারত-পাকিস্তান ম্যাচের প্রচার করছেন? পেহেলগাম হামলার পর টুইটারে শেবাগ লিখেছিলেন, ‘আমাদের বাহিনী এমন জবাব দেবে যা পাকিস্তান কখনও ভুলবে না।’ শেবাগের সেই টুইটের স্ক্রিনশট পোস্ট করেও অনেকে তাকে বিদ্রূপ করছেন।
উল্লেখ্য, এই বিজ্ঞাপনে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও অভিনয় করেছেন।
চোটের ভয় নিয়ে খেলেও জোড়া গোল মেসির, মায়ামি ফাইনালে
কোয়াবের নির্বাচনে সভাপতি পদে লড়বেন সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন