‘এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ের আসল বিজয়ী সম্প্রচারকারী’

আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ১১:২২ এএম

এশিয়া কাপের মঞ্চে ভারত-পাকিস্তান লড়াইয়ের আরও দুই সপ্তাহের বেশি বাকি থাকলেও উত্তেজনার পারদ চড়ছে। উভয় দেশের সাবেকরা নিজেদের মতো করে মন্তব্য করছেন। আসন্ন এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে একাধিকবার মুখোমুখি করিয়ে সম্প্রচার সংস্থাগুলো ব্যবসা করছে বলে সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

সংযুক্ত আরব আমিরাতে ৮ জাতির এই টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। আর ১৪ সেপ্টেম্বর প্রথমবার মুখোমুখি হবে ভারত–পাকিস্তান। তবে সূচির কারণে অন্তত আরও দুই বার এই দুই দলের মুখোমুখি হওয়ার সুযোগ আছে। তাই হয়তো নিজের ইউটিউব চ্যানেলে কথা বলতে গিয়ে বাসিত আলী দাবি করেন, এশিয়া কাপ ২০২৫–এ ভারত, পাকিস্তান কিংবা শ্রীলঙ্কা নয়—আসল বিজয়ী হবে সম্প্রচারকারীরা। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলী।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের যুগে ব্যাট-বলের লড়াই এখন অর্থ উপার্জনের খেলায় পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে ক্রিকেট এখন অর্থ উপার্জনের খেলায় পরিণত হয়েছে। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলার চেয়ে ব্যবসায়িক স্বার্থ আগে আসে। এশিয়া কাপেও তাই ঘটবে—পাকিস্তান জিতবে না, ভারত জিতবে না, শ্রীলঙ্কাও জিতবে না। একমাত্র বিজয়ী হবে সম্প্রচারকারীরা।’

ভূ-রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এশিয়া কাপে ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়ার পরও অনেক সাবেক ক্রিকেটার ও সমর্থক এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন। এদিকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) জানিয়েছে, ভারত–পাকিস্তান শুধু গ্রুপ পর্বেই নয়, সুপার ফোর এবং ফাইনালেও একাধিকবার মুখোমুখি হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত