শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দেওয়া উচিত হয়নি: ছাত্রদল নেতা মায়েদ

আপডেট : ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫১ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে আয়োজিত এক টকশোতে শিক্ষার্থীকে ‘শিবির ট্যাগ’ দেওয়ার ঘটনাকে ভুল স্বীকার করেছেন ছাত্রদল মনোনীত এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বটতলায় অনুষ্ঠিত অনুষ্ঠানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, প্রথম বর্ষের এক শিক্ষার্থীর প্রশ্নের জবাবে মায়েদ তাকে ওই ট্যাগ দেন।

পরবর্তীতে নিজের অবস্থান ব্যাখ্যা করে মায়েদ বলেন, “প্রশ্ন শুনে আমার মনে হয়েছিল তিনি আমাদের ইশতেহার ভালোভাবে পড়েননি। সেই কারণে তাৎক্ষণিকভাবে ভুল শব্দ ব্যবহার করেছি, যা ঠিক হয়নি। তবে বক্তব্যের শুরু ও শেষে আমি দুঃখপ্রকাশ করেছিলাম, অনেকেই হয়তো সেটা খেয়াল করেননি।”

রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমাদের নির্বাচনী ইশতেহারের ১.২ দফায় আমরা স্পষ্টভাবে বলেছি— গেস্টরুম-গণরুম, জোরপূর্বক রাজনৈতিক কর্মসূচি ও দমন-পীড়নের মতো চর্চা বন্ধ করা হবে। আবার ১০.১ দফায় উল্লেখ করেছি— একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন অন্তর্ভুক্ত করা। এসব প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত