রাজশাহীতে জাতীয় পার্টির অফিসে হামলা ও অগ্নিসংযোগ

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০৯:০৭ এএম

রাজশাহীর নগরীর গণপাড়া এলাকায় শুক্রবার গভীর রাতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার সূত্রপাত হয় ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’ ব্যানারে বিক্ষোভ মিছিল থেকে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে রাত সাড়ে ১১টার দিকে সাহেববাজার জিরো পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

এনসিপির রাজশাহী মহানগরের প্রধান সমন্বয়ক মোবাশ্বের আলীর ডাকে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন। মিছিলে তারা নানা ধরনের স্লোগান দেন, যেমন– ‘জাতীয় পার্টি স্বৈরাচার, প্রশাসন পাহারাদার’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সে পথে’।

মিছিল শেষে সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়েছে। তারা সেনাবাহিনী ও স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন এবং দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।

মিছিল সাহেববাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে গণপাড়া মোড়ে পৌঁছালে কয়েকজন কর্মী জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালিয়ে দরজা ও কক্ষে ভাঙচুর করেন। ভেতরের আসবাবপত্র ও ছবি রাস্তায় এনে আগুন ধরানো হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, পুলিশ পৌঁছানোর আগেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা তদন্ত করা হচ্ছে এবং অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত