সাড়া দিচ্ছেন নুরুল হক নুর

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ১০:৪৩ এএম

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন। শনিবার (৩০ আগস্ট) সকালে তার ব্যক্তিগত ফেসবুক পেজ থেকে জানানো হয়, রাতের হামলার পর এখন তিনি হুঁশ ফিরে পেয়েছেন।

স্ট্যাটাসে সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়। সঙ্গে প্রকাশ করা হয় একটি ছবি। ছবিতে দেখা গেছে, হাসপাতালের শয্যায় শুয়ে আছেন নুর; নাকে ব্যান্ডেজ ও মুখে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায়।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান সাংবাদিকদের জানান, নুরের অবস্থা এখনও সংকটাপন্ন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি নাক ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন। 

গতকাল শুক্রবার বিজয়নগরে বিক্ষোভকালে লাঠিচার্জে আহত হয়ে মাটিতে পড়ে যান নুর। সহকর্মীরা তাকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নিলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে রাতেই তাকে আইসিইউতে ভর্তি করা হয়।

উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল একটি উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে।

শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে এবং নাকের হাড় ভেঙে গেছে। এর ফলে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। তবে রক্তক্ষরণ এখন বন্ধ এবং জ্ঞান ফিরেছে। তিনি বলেন, ৪৮ ঘণ্টা না গেলে পরিস্থিতি সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়।

প্রয়োজনীয় চিকিৎসা ত্বরান্বিত করতে গত শুক্রবার রাতেই নুরুল হকের জন্য সর্বোচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত