রাজনীতি ছাড়ছেন কঙ্গনা!

আপডেট : ৩০ আগস্ট ২০২৫, ০২:৫৩ পিএম

অভিনয় জগত থেকে হঠাৎ করেই রাজনীতির খাতায় নাম লিখিয়ে খুব দ্রুত জনপ্রিয়তা পান বলিউড ‘কুইন’ কঙ্গনা রানাউত। যার দরুন, ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এই অভিনেত্রী-নির্মাতা। তবে মাত্র এক বছরেই রাজনীতির জটিলতা নিয়ে একাধিকবার হতাশা প্রকাশ করেন তিনি। তার কথায়, সাধারণ মানুষ নালা পরিষ্কার থেকে রাস্তা সংস্কারের মতো সমস্যার সমাধান চাইতে তার কাছে আসছেন, যা তার প্রত্যাশার বাইরে। এ ছাড়া রাজনীতির আর্থিক দিক নিয়েও তিনি অসন্তুষ্ট। 

একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, একদিকে জনপ্রিতিনিধি হিসেবে চাপ সামলাতে পারছেন না, অন্যদিকে কঙ্গনার মনে পড়ছে সিনে জগতের আলো–ঝলমলে দিনগুলোর কথা। অভিনেত্রী বারবার ইঙ্গিত দিয়েছেন, রাজনীতি নয়, অভিনয়ের মঞ্চেই তার আসল জায়গা। একের পর এক আইকনিক চরিত্রে দর্শকদের মুগ্ধ করা এই নায়িকা কি তবে ফের পর্দায় ফিরতে চলেছেন? 

জানা গেছে, নিজেরই সুপারহিট ছবিগুলোর সিক্যুয়ালল দিয়ে আবারও ঝড় তুলতে চান বহুল  মান্ডির সংসদ সদস্য কঙ্গনা। আগামী নভেম্বর থেকেই শুরু হতে চলেছে ‘কুইন টু’-এর শুটিং। ছবির চিত্রনাট্য ইতোমধ্যেই প্রস্তুত; ভারত ও লন্ডনে হবে শুটিং। 

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছেন, ‘তনু ওয়েড্‌স মনু’ সিরিজের তৃতীয় কিস্তির প্রস্তুতিও নিচ্ছেন কঙ্গনা। ‘তনু ওয়েড্‌স মনু রিটার্ন্‌স’ বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছিল। জানা যাচ্ছে, ২০২৬ সালে শুরু হবে এই ছবির শুটিং। ‘কুইন ২’-এর কাজ শেষ হওয়ার পরপরই আনন্দ এল রাই পরিচালিত এই ছবির কাজ শুরু করবেন কঙ্গনা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত