৯ গোলের রোমাঞ্চকর ম্যাচ; নেভেসের হ্যাটট্রিকে পিএসজির জয়

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ১০:১৭ এএম

লিগ ওয়ানে দারুণ এক থ্রিলারে টুলুজকে ৬-৩ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন (পিএসজি)। দুই দলের মোট চারটি পেনাল্টি, হ্যাটট্রিক, নাটকীয় গোল আর শেষ মুহূর্তের রোমাঞ্চ মিলিয়ে দুর্দান্ত এক ম্যাচ। তবে সবকিছুর কেন্দ্রে ছিলেন পর্তুগিজ তরুণ তারকা জোয়াও নেভেস। মাত্র ৭ মিনিটের মধ্যে দুটি ওভারহেড কিকে গোল করে রীতিমতো ঝড় তোলেন তিনি।

শনিবার রাতে টুলুজের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই নেভেসের প্রথম ওভারহেড গোলে পিএসজি এগিয়ে যায়। এর পরপরই ব্র্যাডলি বারকোলা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। কয়েক মিনিট পর আশরাফ হাকিমির ক্রস থেকে অসাধারণ দ্বিতীয় ওভারহেড কিকে স্কোরলাইন ৩-০ করেন নেভেস। টুলুজের দুঃস্বপ্ন তখনও শেষ হয়নি। দেসাইরে দুয়ে ফাউল করলে পেনাল্টি থেকে গোল করেন উসমান দেম্বেলে।

এরপর টুলুজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। চার্লি ক্রেসওয়েল একটি রিবাউন্ডে গোল করেন। টানা দুইবার পেনাল্টি নেওয়ার সুযোগ পেলেও ক্রিশ্চিয়ান ক্যাসেরেসকে ব্যর্থ করে দেন পিএসজি গোলরক্ষক লুকাস শেভালিয়ে। দ্বিতীয়ার্ধে আবারও পেনাল্টি পায় পিএসজি। এবারও সফল হন দেম্বেলে। স্কোরলাইন হয়ে যায় ৫-১। ৭৮তম মিনিটে দুর্দান্ত দূরপাল্লার শটে হ্যাটট্রিক পূর্ণ করেন নেভেস।

ম্যাচের শেষ দিকে টুলুজ ইয়ান গবোহো ও আলেক্সিস ভোসার দুটি গোল শোধ করে ব্যবধান কমায়, তবে জয় পিএসজির হাতছাড়া হয়নি। টানা তিন ম্যাচে জিতে শীর্ষে রয়েছে পিএসজি। একইদিন আরেক ম্যাচে লিলে ৭-১ গোলে হারিয়েছে লরিয়ঁকে। ম্যাচটির শেষ ১৩ মিনিটেই লিলে পাঁচটি গোল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত