পিচে আগুন ধরিয়ে দিলেন মাঠকর্মীরা; বাতিল হলো ক্রিকেট ম্যাচ!

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৩:৫৬ পিএম

কানাডার কিং সিটিতে নামিবিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার ওয়ানডে ম্যাচে অদ্ভুত এক ঘটনা ঘটেছে। বৃষ্টিতে ভেজা পিচ শুকানোর মরিয়া চেষ্টায় মাঠকর্মীরা সরাসরি আগুন ধরিয়ে দেন পিচে! নজিরবিহীন এই ঘটনায় শেষ পর্যন্ত ম্যাচ আর শুরুই করা যায়নি।

গতকাল শনিবার ক্রিকেট বিশ্বকাপ লিগ–২ এর ম্যাচটিতে বৃষ্টির কারণে টস হয়েছিল দেরিতে। পরে মাঠকর্মীরা পিচের একাংশ শুকাতে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। দৃশ্যটি দেখে হতবাক হয়ে যায় সবাই! যেখানে ব্যাটসম্যানরা চার-ছক্কার ঝড় তোলেন, সেখানে জ্বলছিল আগুন! মাঠকর্মীদের এই অস্বাভাবিক প্রচেষ্টা কোনো ফল দেয়নি। একাধিকবার পিচ পরিদর্শনের পর আম্পায়াররা ম্যাচ বাতিল করেন। ছবি: সংগৃহীত

বৃষ্টির পর পিচ শুকানোর অনেক হাস্যকর ঘটনাই ঘটেছে। ফোম, বিছানার চাদর, টেবিলফ্যান দিয়েও পিচ শুকাতে দেখা গেছে। তবে আগুন জ্বালিয়ে পিচ শুকানোর ঘটনা এই প্রথম! ম্যাচটি স্কটল্যান্ডের জন্য গুরুত্বপূর্ণ ছিল। লিগ–২ টেবিলে ২১ ম্যাচে ১১ জয়ে তারা তৃতীয় স্থানে রয়েছে। শীর্ষে আছে যুক্তরাষ্ট্র ও নেদারল্যান্ডস।নামিবিয়া ষষ্ঠ স্থানে, আর স্বাগতিক কানাডা পঞ্চম অবস্থানে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত