ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাসভবনে রাতভর বিক্ষোভকারীদের লুটপাট

আপডেট : ৩১ আগস্ট ২০২৫, ০৪:১২ পিএম

ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রীর বাসভবনে রাতজুড়ে লুটপাটের ঘটনা ঘটেছে। 

রবিবার (৩১ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রীর বাসভবনের নিরাপত্তায় থাকা সেনা সদস্য ও প্রত্যক্ষদর্শী। পুলিশবিরোধী বিক্ষোভ বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ার পর এ ধরনের লুটপাটের খবর পাওয়া গেছে।

ট্যাক্সি চালক আফান কুর্নিয়াওয়ানের মৃত্যুর পর থেকেই দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়। পুলিশের গুলিতে তার মৃত্যু হয় আইনপ্রণেতাদের আর্থিক সুবিধাবিরোধী এক সমাবেশে। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশে প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ক্ষমতা গ্রহণের পর এটাই সবচেয়ে বড় সহিংস বিক্ষোভ।

রাজধানী জাকার্তার পার্শ্ববর্তী দক্ষিণ তাঙ্গেরাং শহরে অর্থমন্ত্রী শ্রী মুলিয়ানি ইন্দ্রবতীর বাড়িতে রবিবার ভোরের দিকে দুই দফায় লুটপাট চালানো হয় বলে জানান প্রতিবেশী ড্যামিয়ানাস রুডলফ। ৩৪ বছর বয়সী এই নারী এএফপিকে বলেন, প্রথম দলে কয়েক ডজন মোটরসাইকেল আরোহী ছিলেন। দ্বিতীয় দলে ছিলেন প্রায় ১৫০ জন।

তিনি জানান, তারা একটি টেলিভিশন, সাউন্ড সিস্টেম, বসার ঘরের সাজসজ্জা, পোশাক, প্লেট, বাটি লুট করে নিয়ে যায়। ঘটনার সময় অর্থমন্ত্রী বাড়িতে ছিলেন না বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা। বিশ্বব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক দেশের তিন প্রেসিডেন্টের সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

সাম্প্রতিক সময়ে আরও কয়েকজন আইনপ্রণেতার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, ন্যাসডেম দলের রাজনীতিবিদ নাফা উরবাখের বাড়িতেও ভাঙচুর চালানো হয় রবিবার ভোরে। শনিবার রাতে আইনপ্রণেতা একো হেনড্রো পূর্ণোমোর বাড়িতে হামলা চালায় একদল জনতা।

জাকার্তা, বান্দুং, সেমারাং, সুরাবায়া ও উত্তর সুমাত্রার মেদানসহ বিভিন্ন প্রধান শহরে এ বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত