লা লিগার চলতি মৌসুমের প্রথম আন্তর্জাতিক বিরতির আগে গুরুত্বপূর্ণ ম্যাচে রায়ো ভায়েকানোর মাঠে পয়েন্ট হারাল বার্সেলোনা। রবিবার রাতের উত্তাল ম্যাচে ১-১ ড্র করে কাতালানরা, ফলে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রইল হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। তবে রায়ো শুরুতেই একের পর এক সুযোগ তৈরি করে বার্সার রক্ষণকে নড়বড়ে করে তোলে। গোলরক্ষক জোয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভে বেঁচে যায় অতিথিরা। প্রথমার্ধের শেষ দিকে লামিনে ইয়ামাল বক্সে পড়ে গেলে রেফারি পেনাল্টি দেন। ভিএআর প্রযুক্তি নষ্ট থাকায় সিদ্ধান্ত বদলানো সম্ভব হয়নি।
৪০তম মিনিটে ইয়ামাল নিজেই স্পট কিক থেকে গোল করে বার্সাকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন। বিরতির পরও ম্যাচের গতি কমেনি। বার্সা একাধিক সুযোগ পেলেও ড্যানি অলমো ও অন্যরা গোল মিস করেন। সুযোগ কাজে লাগায় রায়ো। ৬৭ মিনিটে ইসি পালাজনের কর্নার থেকে ফ্রান পেরেজ দারুণ ভলিতে গোল করে সমতা ফেরান। শেষদিকে রায়োর আরেকটি দুর্দান্ত আক্রমণ ঠেকিয়ে দেন বার্সা গোলরক্ষক গার্সিয়ার।
শেষ মুহূর্তে দুই দলই গোল করার সুযোগ পেলেও স্কোরলাইনে আর কোনো পরিবর্তন আসেনি। এই নিয়ে টানা তিন ম্যাচে পূর্ণ ছন্দে খেলতে না পারায় সমালোচনার মুখে পড়েছে বার্সা। বিতর্কিত পেনাল্টি ছাড়া স্পষ্ট কোনো কৌশল দেখা যায়নি দলের খেলায়। অন্যদিকে রায়োর তীব্র আক্রমণ ও লড়াকু মনোভাব বার্সাকে ভুগিয়েছে। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে বার্সা এখন চ্যাম্পিয়নশিপ প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট পিছিয়ে আছে।
আর্সেনালের ৮৫৮ দিনের হার না মানার রেকর্ড ভাঙলেন সোবোস্লাই
‘শাস্তিমূলক পদোন্নতি’র কারণেই রাজস্থান ছাড়লেন দ্রাবিড়?