মুন্সীগঞ্জে আগুনে পুড়ল ৮ বসতঘর

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও গ্রামে আগুনে পুড়েছে ৮টি বসতঘর। রবিবার (৩১ আগস্ট) রাত ৯টার দিকে ওই গ্রামের শেখ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দীর্ঘ ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে নজরুল শেখের ২টি, জহিরুল শেখের ২টি ও বাদল শেখের ২টি এবং আক্কাস শেখ ও লিমা আক্তারের ১টি করে বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

প্রাথমিক ভাগে গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। তবে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি। 

স্থানীয়রা জানিয়েছেন, রাতে হঠাৎ করেই পূর্ব বেঁজগাঁও গ্রামের শেখ বাড়ির একটি বসতঘরে আগুন দেখতে পান তারা। মূহুর্তে আগুনের লেলিহান শিখা পাশের বসতঘর গুলোতে ছড়িয়ে পড়ে। এতে প্রথমে স্থানীয়রা চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেন। 

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বসতঘর গুলো কাঠ ও টিনের তৈরি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়েছে। 

তিনি আরো জানান, শ্রীনগর ও সিরাজদীখান ফায়ার সার্ভিসের ৩টি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২ ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আশেপাশের আরও বেশকিছু বসতঘর ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত