অ্যান্টিভেনম না পেয়ে ভাইয়ের মৃত্যু, বোন চিকিৎসাধীন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

যশোরের মনিরামপুরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ বোন বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

হতাহতরা হলো-তিন বছরের আজিম ও তার আট বছরের বোন হালিমা খাতুন।

হতাহত শিশুদের মামা রমজান আলী জানান, শিশুরা চার ভাই বোন মা তানজিলা খাতুনের সাথে ভাড়া বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। রাত ৪টার দিকে আজিম ও হালিমার চিৎকারে ঘুম ভেঙে যায় সবার। এসময় ঘরের  আলো জ্বেলে একটি সাপ দেখতে পায়। সাথে সাথে দুই ভাই-বোনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় তাদেরকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরিবারের সদস্যরা যশোর হাসপাতালের দূরত্ব ভেবে তাদেরকে পাশে চালকিডাঙ্গা গ্রামের ওঁঝার কাছে নিয়ে গেলে আজিমের মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রেজিস্ট্রার চিকিৎসক আফসার আলী বলেন, হালিমা বর্তমানে শঙ্কামুক্ত। তবুও তাকে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য ১০টি অ্যান্টিভেনম প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে ব্যবহার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত