বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের খালাতো ভাই, কেন্দ্রীয় কমিটির সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, দেশের শতকরা ৯০ ভাগ মানুষ পিআর পদ্ধতি বোঝে না। অথচ একটি দল পিআর পদ্ধতি নিয়ে উঠেপড়ে লেগেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে বাচ্চাদের দল এনসিপিও। দেশের সংবিধানেও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের কোনও সুযোগ নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারী জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের পিটিআই মোড়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
যথাসময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে উল্লেখ করে শাহরিন ইসলাম তুহিন বলেন, নির্বাচনে জয়ী হতে পারবে না জেনে দলটি যথা সময়ে নির্বাচন আয়োজন নিয়ে ষড়যন্ত্র করছে। যত দেরিতে নির্বাচন হবে এই সরকারের সময় ক্ষমতার ভোগ করতে পারবে তারা। নির্বাচন না করে, সরকারে না এসেও তারা সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছে। এজন্য তারা এখন নির্বাচন চায় না।
তিনি আরও বলেন, জরিপের মাধ্যমে দেশের ৮০ শতাংশ মানুষ নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। কে বা কারা করলো জরিপ। নীলফামারীবাসীরা কি সেই জরিপে অংশ নিয়েছে। জনগণকে আর রঙিন চশমা দেখিয়ে লাভ নেই, জনগণ এখন সব যানে, সব বুঝে।
জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আব্দুল খালেক। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল।
সভা শেষে বনার্ঢ্য একটি শোভাযাত্রা পিটিআই মোড় থেকে শুরু করে বড়বাজারে গিয়ে শেষ হয়। ঘোড়ার গাড়িতে বসে এই শোভাযাত্রার নেতৃত্ব দেন প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন। বিএনপি ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী শোভাযাত্রায় ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। দিনটি উপলক্ষ্যে এর আগে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন নেতাকর্মীরা।
নেত্রকোনায় সীমান্ত পাচারকারী চক্রের সদস্য আটক
৯ সেপ্টেম্বর নির্বাচন হতে হবে, হুঁশিয়ারি ভিপি প্রার্থী আবিদের