ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নারী শিক্ষার্থী ও ডাকসু প্রার্থী বিএম ফাহমিদা আলমকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দেওয়ার ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে পায়রা চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেজিস্ট্রার ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।
সমাবেশে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে ছাত্রদল সহযোগিতার মনোভাব দেখিয়ে আসছে। কিন্তু নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য, হুমকি ও সাইবার বুলিং বন্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এরই ধারাবাহিকতায় ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীর বিরুদ্ধে এ ধরনের ভয়াবহ হুমকি এসেছে, যার দায় প্রশাসন এড়াতে পারে না।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থী সংসদ ও অনলাইন প্ল্যাটফর্মে নারী নেত্রীদের হয়রানির ঘটনা নিয়ে একাধিকবার অভিযোগ করা হলেও প্রশাসন দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি। এমনকি ডাকসু নির্বাচন কমিশনের কাছে সাতটি অভিযোগ জানানো হলেও সেগুলোরও কোনো সমাধান হয়নি।
ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, আগস্টের পর থেকে নারী শিক্ষার্থীদের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য ও অনলাইন প্রচারণা বেড়ে গেছে। এমনকি পূর্বে আটক হওয়া হয়রানিকারীরা মুক্তি পাওয়ার পর তাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে, যা শিক্ষাঙ্গনের জন্য কলঙ্কজনক। এই পরিবেশের সুযোগ নিয়ে আলী হোসেন নামে একজন শিক্ষার্থী সহপাঠীকে প্রকাশ্যে গণধর্ষণের হুমকি দিয়েছে, অথচ এখনো তার বিরুদ্ধে কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীরা স্লোগান দেন— “আলী হোসেনের ছাত্রত্ব বাতিল করতে হবে”, “নিপীড়কের কোনো জায়গা ক্যাম্পাসে হবে না”, “হেনস্তাকারীর ঠিকানা মুছে ফেলো ক্যাম্পাস থেকে” ইত্যাদি।
নামের আগে 'ডাক্তার' পদবী ব্যবহার নিষিদ্ধের নির্দেশনা বাতিল দাবি হোমিও চিকিৎসকদের
দারিদ্রতার চাপে কিডনি বিক্রির ঘোষণা যুবকের 