নিউইয়র্কে চলমান ইউএস ওপেনে ম্যাচ শুরুর আগেই বিশ্ব টেনিস অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। তবে সেটা খেলার জন্য নয়, বরং তার নতুন হেয়ারস্টাইলের জন্য।
২২ বছর বয়সী এই বিশ্ব র্যাংকিংয়ের দুই নম্বর তারকা হঠাৎই মাথা মুড়িয়ে হাজির হয়েছেন কোর্টে। গুঞ্জন ছড়িয়েছে যে, আসলে কে তাকে এমন হেয়ার স্টাইল করে দিলেন? পরে জানা যায়, আলকারাজের দীর্ঘদিনের হেয়ার এক্সপার্ট ভিক্টর মার্টিনেজ নন, বরং তার ছোট ভাই আলভারোই ছিলেন পুরো ঘটনার নেপথ্যে। ইলেকট্রিক ট্রিমার ভুলভাবে ব্যবহার করেই তার এই হাল!
আলকারাজের হেয়ার এক্সপার্ট মার্টিনেজ মজা করে বলেছেন, ‘আমি কার্লোসকে জিজ্ঞাসা করেছিলাম কী ঘটেছে, এবং সে আমাকে বলেছিল, তার ভাই এই কাণ্ড করেছে। ট্রিমার ভুলভাবে ব্যবহার করায় পুর মাথা কামাতে হয়েছে। আমি আলভারোর সঙ্গে কথা বলতে চাই, ও আসলে কী করেছে! তবে একটা কথা নিশ্চিত, আলকারাজ আর কখনো এভাবে মাথা মুড়িয়ে কোর্টে নামবে না!’
প্রথম রাউন্ডের ম্যাচের পর আলকারাজ বলেছেন, ‘হঠাৎ আমার হেয়ার ট্রিমারটার মাথা খারাপ হয়ে গিয়েছিল। আমার ভাই এটা করেছে।’ সে যাই হোক আলকারাজের নতুন লুক দেখে টেনিস মহলে শুরু হয়েছে হাস্যরস। আমেরিকান তারকা ফ্রান্সিস টিয়াফো সরাসরি বলেন, ‘এটা ভয়ংকর! তবে এতে ও কোর্টে আরও দ্রুত দৌড়াতে পারবে।’ আশার কথা হলো, ইতিমধ্যেই আলকারাজের মাথায় কিছুটা চুল গজিয়েছে।
'টি-টোয়েন্টি থেকে ফিফটিতে' যাবেন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান