নাটোরের বড়াইগ্রাম থানায় করা মাদক মামলায় জব্দ গাঁজার পরিমাণ কম দেখানোর অভিযোগে এক উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন—বড়াইগ্রামের বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক এবং তার সঙ্গে থাকা দুই কনস্টেবল আব্দুর রহমান ও শাহ আলম। বুধবার বিকেলে পুলিশ সুপার আমজাদ হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে বারোটার দিকে বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ছাতিয়ানগাছা মোল্লাপাড়া মোড়ে একটি কাভার্ডভ্যান আটক করে স্থানীয়রা। খবর পেয়ে সেখানে যান উপ-পরিদর্শকসহ তিন পুলিশ সদস্য। এ সময় ভ্যানটি তল্লাশি করে এক বস্তা গাঁজা জব্দ করা হয়। স্থানীয় বাসিন্দারাও তখন সেখানে উপস্থিত ছিলেন।
নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসাইন জানান, বিষয়টি নজরে আসার পর বুধবার ওই তিন পুলিশকে পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ঘটনার তদন্তের জন্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড়কে দায়িত্ব দিয়ে এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোভন চন্দ্র হোড় জানান, তিনি ইতোমধ্যেই তদন্ত কাজ শুরু করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবেন।
খুলনায় ৮ দফা দাবিতে পাটকল শ্রমিকদের অবস্থান কর্মসূচি