হাতের মুঠোয় নিজের স্বপ্ন

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

বেশ কয়েক বছর ধরেই ছোট পর্দায় সাফল্যের সঙ্গে নিজের চাহিদা ধরে রেখেছেন মডেল-অভিনেত্রী তানজিন তিশা। মাঝখানে অবশ্য ব্যক্তিগত কারণে অভিনয় কিছুটা কমিয়ে দিয়েছিলেন তিনি। এই অভিনেত্রীর প্রত্যাশা ছিল গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে ভিন্ন ভিন্ন কিছু গল্প ও চরিত্রে কাজ করা। এ কারণে জোয়ারে গা ভাসানোর জন্য ‘এলেবেলে’ ধরনের নাটক বা টেলিফিল্ম থেকে দূরে ছিলেন। তবে চলতি বছরে নিজের লক্ষ্য অনুযায়ী পথ চলছেন তানজিন তিশা। বছরের শুরুতেই ‘ঘুমপরী’র মতো সাড়া জাগানো একটি ওয়েব ফিল্ম উপহার দিয়েছেন দর্শকদের। 

তানজিন তিশা এরপর আলোচনায় আসেন কলকাতার সিনেমায় অভিষেকের খবরে। শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন এমন গুঞ্জনও শোনা যাচ্ছে শোবিজের বাতাসে! সদ্য মুক্তি পাওয়া তার ও তৌসিফ মাহবুব অভিনীত ভিকি জাহেদের ‘খোয়াবনামা’ টেলিছবিটিও বেশ ভালো সাড়া ফেলেছ। পাশাপাশি তিশার ঝুলিতে বেশ কিছু পুরস্কার জুটেছে এ বছর। গত ৩১ আগস্টেও দুটি পুরস্কার পেয়েছেন তিনি। সেই মঞ্চে নাচতেও দেখা গেছে এই এই লাস্যময়ীকে। 

তানজিন তিশা বলেন, ‘অ্যাওয়ার্ড আসলে আমার কাছে এক ধরনের অনুপ্রেরণা। তবে আমার কাছে সবার আগে দর্শকের ভালোবাসা। একটি অ্যাওয়ার্ড প্রোগ্রামে দাঁড়িয়ে যদিও এই কথাটা বলছি, কিন্তু এটাই মনে করি আমি। অনেকে আছে যারা পুরস্কারকেই সবার ঊর্ধ্বে রাখে। কিন্তু দর্শকের ভালোবাসা যতদিন আমার সঙ্গে আছে আমি মনে করি ততদিন আমি সবার সেরা।’

আরেক সাক্ষাৎকারে ভক্তদের সুখবর দিয়ে তিশা বলেন, ‘আমার দর্শক যেটা চায়, আমিও সেটা চাই। আমি সবসময় অপেক্ষা করেছি খুব ভালো বাজেটের কাজের। চেষ্টা করি, বেছে বেছে কোয়ালিটি সম্পন্ন কাজগুলোর সঙ্গে থাকার। এছাড়া খুব তাড়াতাড়ি আমাকে সিনেমায় দেখা যাবে।’ 

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এই প্রতিভাবান অভিনেত্রী বলেন, ‘আমার দর্শকদের জন্যই আজ আমি এই অবস্থানে। আমি বিশ্বাস করি, আমার জেনুইন কিছু দর্শক আছে। তাদের জন্যই আমার সবকিছু। সবার কাছে আমি কৃতজ্ঞ সবসময় আমাকে এত ভালোবাসা ও সাপোর্ট দেওয়ার জন্য।’ 

এদিকে সম্প্রতি তানজিন তিশার মাও একটি পুরস্কার পেয়েছেন। তা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘এটা আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত। আমার মা দ্বিতীয়বারের মতো আদর্শ মা হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। আমি বলব প্রতিটা আটির্স্টের পেছনে বাবা-মায়ের ভূমিকা অনেক। সে জায়গা থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, ঠিকমতো কাজ করছি, শুধুমাত্র আমার মায়ের জন্য। সে জায়গা থেকে মাকে যখন সম্মাননা প্রদান করা হয়েছে এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। তাই আমি খুবই খুশি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত