বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, নির্বাচনী পরিবেশ সৃষ্টি এবং সবার ভোটে দাঁড়ানো ও ভোট দেওয়ার সমঅধিকারের নিশ্চয়তা ছাড়া অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।
কিন্তু ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি, নির্বাচন কমিশন আরপিও সংশোধনের নামে জামানতের টাকা ও খরচের পরিমাণ বাড়িয়েছে। এতে নির্বাচন আবারও বড় লোকের খেলায় পরিণত হবে।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজনীয়তাও কমিশন অনুভব করেনি। এই পরিস্থিতি অব্যাহত থাকলে নির্বাচন কমিশনের কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে।
রুহিন হোসেন প্রিন্স বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম লক্ষ্য ছিল গণতন্ত্র ও বৈষম্য থেকে মুক্তি। কিন্তু এখনো বৈষম্য নিরসন, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিকের ন্যূনতম মজুরি নিশ্চিতকরণ বা কৃষক-ক্ষেতমজুরের সমস্যা সমাধানের মতো বিষয়গুলো উপেক্ষিত রয়েছে।
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “দেশ স্বাধীন হওয়ার ৫৪ বছরেও মানুষের প্রকৃত মুক্তি আসেনি। সবার মর্যাদা নিশ্চিত হয়নি। অতীতের শাসকগোষ্ঠী যেমন ফেল করেছে, অন্তর্বর্তী সরকারের কাছেও প্রত্যাশা বেশি ছিল। কিন্তু তারাও পাস করতে পারেনি। বরং অপ্রয়োজনীয় কাজে জড়িয়ে নতুন সংকট তৈরি করছে।”
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সকাল সাড়ে এগারোটায় পঞ্চগড় অডিটরিয়াম চত্বরে সিপিবির পঞ্চগড় জেলা সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুহিন হোসেন প্রিন্স।
এর আগে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা ও পার্টির পতাকা উত্তোলন করেন যথাক্রমে রুহিন হোসেন প্রিন্স এবং সিপিবির পঞ্চগড় জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার চামেলি আক্তার। পরে একটি বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য আসলাম খান, জেলা সাধারণ সম্পাদক আশরাফুল আলম ও সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার চামেলি আক্তার।
