বাংলাদেশের দৌড় এশিয়া কাপের লিগ পর্বেই থামবে: আকাশ চোপড়া

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পিএম

সদ্যই নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতে এশিয়া কাপের প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। তবে ভারতের সাবেক ক্রিকেটার ও বিশ্লেষক আকাশ চোপড়া মনে করেন, আসন্ন এশিয়া কাপে বাংলাদেশের দৌড় থামবে লিগ পর্বেই। তার মতে, অধিনায়ক লিটন দাসের ওপর অতিরিক্ত নির্ভরশীলতার কারণেই বাংলাদেশ ডুববে। কারণ, লিটন ভীষণ অধারাবাহিক।

আকাশ চোপড়া বলেছেন, ‘তারা (বাংলাদেশের) লিটন দাসের ওপর নির্ভরশীল। লিটন দাস একজন মানসম্পন্ন খেলোয়াড়, তবে তিনি প্রত্যাশা মেটাতে পারেননি। তার যতটা সামর্থ্য আছে, ততটা ভালো এখনো করতে পারেননি। তিনি এই মুহূর্তে অধিনায়ক, তাই দল অবশ্যই তার দিকে তাকিয়ে থাকবে। কিন্তু তারা যদি অধিনায়কের ওপর বেশি ভরসা করে, তাহলে বড় মুহূর্তে ভেঙে পড়বে।’

বাংলাদেশ দলে পাওয়ার-হিটারদের অভাব স্পষ্ট বলে মন্তব্য করেন চোপড়া। তার ভাষায়, ‘২০২৫ সালে যদি দেখি, তাদের ব্যাটসম্যানদের মধ্যে খুব কমজন আছেন যাদের স্ট্রাইক রেট ১৫০-এর কাছাকাছি। মাত্র এক-দুজনের ১৪০-এর ওপরে। তারা এমন দল নয় যারা ২১০-২২০ রান করতে পারবে। তারা ১৬০-১৮০ রানেই স্বাচ্ছন্দ্যবোধ করে। কিন্তু যদি প্রতিপক্ষ অনেক আক্রমণাত্মক ব্যাটিং করে, তাদের হাতে কোনো জবাব নাও থাকতে পারে।’

বাংলাদেশ একসময় বড় টুর্নামেন্টে অঘটন ঘটাতে সক্ষম হতো, এখন তারা শুধুই অংশগ্রহণ করে বলে মনে করেন আকাশ চোপড়া, ‘যদি সুযোগের কথা বলি, তাদের হারানোর কিছু নেই, কিন্তু জেতার আছে অনেক কিছু। বহুদিন ধরে তারা বহুজাতিক টুর্নামেন্টে ভালো করছে না। একসময় তারা সামর্থ্যের চেয়ে ভালো খেলত। ২০০৭ সালে তারা আমাদের (ভারতকে) ছিটকে দিয়েছিল। তারা বিশ্ব টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করছে, কিন্তু প্রতিযোগী হিসেবে নামছে না। এই বিষয়টি তাদের বদলাতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত