বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা শেখ হাসিনার প্রেতাত্মারা সরব। তারা সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কাজ করছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় স্কুলছাত্র নাবিল ও তার দলকে বৈজ্ঞানিক গবেষণার জন্যে তারেক রহমানের দেওয়া অনুদান হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমার বিশ্বাস জনগণের শক্তির ওপর বড় কোনো শক্তি নেই। যে জনগণের শক্তি এবং ছাত্রজনতার আন্দোলনের কাছেই পরাজিত হয়েছিল। এখন নতুন করে ষড়যন্ত্র বা মাস্টারপ্ল্যান করা হোক না কেন তারা পরাজিত হবে এবং এদেশে গণতন্ত্র ফিরবে ও অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।”
রিজভী বলেন, “শেখ হাসিনা পালিয়ে গেছেন। কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মারা আছেন। তারা প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে তারা অবস্থান নিচ্ছেন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেন ব্যর্থ হয়, অবাধ সুষ্ঠু নির্বাচন যেন ব্যর্থ হয় তারা পাতানো কোনো পরিকল্পিত অস্থিরতা এবং নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে। কিন্তু ড. ইউনুসের অন্তবর্তীকালীন সরকার নির্বাচনের জন্যে প্রস্তুত রয়েছে।”
তিনি বলেন, “প্রত্যকের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। এজন্যে আমাদের ১৬ বছরের আন্দোলন। এখানে কাদা ছোড়াছুড়ির কিছু নেই। আমি আমার দল এবং অবস্থান থেকে কথা বলবো, সে ক্ষেত্রে অন্য কোনো দলের কথা যদি আমার ভাল না লাগে আমি শক্ত সমালোচনা করবো। এটাই তো ডেমোক্রেটিক ভেল্যু, এটাইতো গণতন্ত্রের মূল চালিকাশক্তি।”
স্কুলছাত্র নাবিল ও তার দল বৈজ্ঞানিক গবেষণার জন্যে অনুদান পেয়ে তারেক রহমানকে ধন্যবাদ জানান।
এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকন ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি প্রমুখ উপস্থিত ছিলেন।
