বড়াইগ্রামে নেশার টাকার জন্য বাবাকে কুপিয়ে ও মাকে হত্যার চেষ্টা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৯ পিএম

বড়াইগ্রামে নেশাদ্রব্য কেনার জন্য টাকা চুরি করতে না পেরে এক ছেলে বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মাকে শ্বাসরোধে হত্যা করার চেষ্টা করেছে। 

এ সময় মায়ের কান থেকে সোনার দুল ছিঁড়ে নিয়ে পালিয়ে যায় ছেলে, সাইদুল ইসলাম (২৫)। বুধবার সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকোল মহল্লায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন—লক্ষ্মীকোল মহল্লার মৃত দিরাজ প্রামাণিকের ছেলে ইয়ারুল ইসলাম লালু (৬৫) ও তার স্ত্রী সফুরা বেগম (৫৫)। গুরুতর অবস্থায় ইয়ারুল ইসলাম লালুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর সফুরা বেগমকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন সফুরা বেগম জানান, তার নেশাগ্রস্থ ছেলে সাইদুল গত ঈদুল আজহায় বাড়ি থেকে দেড় লাখ টাকা চুরি করে পালিয়ে যায়। 

বুধবার বিকালে সে সবার অগোচরে বাড়িতে ঢুকে খাটের নীচে লুকিয়ে থাকে। পরে ঘরে এসে সফুরা তাকে দেখে ফেললে সে তার মাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে। এক পর্যায়ে সফুরা জ্ঞান হারিয়ে ফেললে সাইদুল তাকে মৃত ভেবে কানের দুল ছিঁড়ে নিয়ে মুরগীর ঘরে লুকিয়ে রেখে বেরিয়ে যায়।

কিছুক্ষণ পর ইয়ারুল ইসলাম টয়লেটে গেলে সাইদুল আবারও ঘরে ঢুকে টাকা-পয়সা খুঁজতে থাকে। তখন তার বাবা তাকে দেখে ফেললে সাইদুল দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা আহত দম্পতিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত