চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার একটি পার্লারের ওয়াশরুম থেকে প্রিয়াঙ্কা বিশ্বাস (৩৫) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে, জিইসি মোড়ের এরিয়াল লিজেন্ড ভবনের অষ্টম তলায় অবস্থিত ‘নাদিয়াস মেকওভার’ পার্লারে।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া একটি ডায়েরিতে হাতে লেখা কয়েকটি বাক্য পাওয়া গেছে, যাতে ব্যক্তিগত হতাশা ও দায়িত্বের চাপে ভেঙে পড়ার ইঙ্গিত রয়েছে।
সেখানে লেখা ছিল— “আমি কি পাগল হয়ে যাচ্ছি? দায়িত্বের সঙ্গে আর পেরে উঠছি না… এত দায়িত্ব কেন আমার? আমি শান্তি চাই, শুধু বিশ্রাম।”
পরিবার সূত্রে জানা গেছে, প্রিয়াঙ্কা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের সমীর দে ও অঞ্জলী দে দম্পতির মেয়ে।
তিনি নগরের আগ্রাবাদ এলাকায় বসবাস করতেন এবং বাঁশখালীর সিকদারবাড়ির সজীব দত্তের স্ত্রী ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি উক্ত পার্লারে ম্যানেজার হিসেবে কাজ করছিলেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলইমান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখা হচ্ছে। পার্লার থেকে উদ্ধার হওয়া চিরকুটটি তদন্তের অংশ হিসেবে জব্দ করা হয়েছে।
