থুতু নিক্ষেপের ঘটনায় ক্ষমা চাইলেন সুয়ারেজ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৭ এএম

লিগস কাপ ফাইনালের প্রতিপক্ষের গায়ে থুতু ছিটানোর ঘটনায় ক্ষমা প্রার্থনা করেছেন ইন্টার মিয়ামি তারকা লুইস সুয়ারেজ। গত সোমবারের সেই ফাইনালে সিয়াটল সাউন্ডার্স ৩-০ ব্যবধানে মিয়ামিকে হারায়। ম্যাচ শেষে সুয়ারেজকে সিয়াটলের নিরাপত্তা প্রধান জিন রামিরেজকে থুতু দেন এবং ২০ বছর বয়সী ডিফেন্ডার ওবেদ ভারগাসের ঘাড়ে ধাক্কাও দিয়েছেন!

সুয়ারেজ তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘প্রথমেই, আমি সিয়াটল সাউন্ডার্সকে লিগস কাপ জয়ের জন্য অভিনন্দন জানাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ম্যাচের শেষে আমার আচরণের জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। এটি একটি অত্যন্ত চাপের এবং হতাশাজনক মুহূর্ত ছিল। খেলা শেষ হতেই এমন কিছু ঘটেছে, যা হওয়া উচিত ছিল না। তবে এটি আমার আচরণের পেছনে কোনো অজুহাত নয়। আমি ভুল করেছি এবং আন্তরিকভাবে অনুতপ্ত।’

ক্যারিয়ারের শেষপ্রান্তে থাকা উরুগুয়ের এই সুপারস্টার আরও লিখেছেন, ‘ওই দৃশ্যটি (থুতু ছিটানোর) আমি আমার পরিবার বা ক্লাবের সামনে দেখাতে চাই না। আমি দুঃখিত এবং যারা আমার কারণে কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমরা জানি, এখনও দীর্ঘ একটি মৌসুম বাকি আছে। ক্লাব ও সমর্থকদের প্রয়োজনীয় সাফল্য এনে দিতে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব।’

ইন্টার মিয়ামি এক অফিসিয়াল বিবৃতিতে বলেছে, ‘ইন্টার মিয়ামি লিগস কাপ ফাইনালের পরে সংঘটিত হিংসাত্মক ঘটনার নিন্দা জানায়। এই ধরনের কাজ আমাদের খেলার মানকে প্রতিফলিত করে না, এবং আমরা মাঠের ভিতরে ও বাইরে সর্বোচ্চ মানের স্পোর্টসম্যানশিপ বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা লিগস কাপ ও এমএলএস কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি যাতে পরিস্থিতি যথাযথভাবে সমাধান হয়। আমাদের সমর্থক এবং কমিউনিটির অব্যাহত সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ।’

এখন পর্যন্ত এই ঘটনায় সুয়ারেজের সাজা হয়নি। ফুটবল মাঠে অবশ্য সুয়ারেজের এমন কাণ্ড নতুন নয়। এর আগে তিনবার প্রতিপক্ষকে কামড় দিয়েছেন, ২০১১ সালে বর্ণবাদী মন্তব্যের জন্য আট ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। ২০১৪ বিশ্বকাপে ইতালিয়ান ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনিকে কামড়ানোর জন্য চার মাসের নিষেধাজ্ঞা, লিভারপুলে ব্রানিস্লাভ ইভানোভিচকে কামড়ানোর জন্য ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং আয়্যাক্সে ওটম্যান বাক্কালের কাঁধ কামড়ানোর জন্য সাত ম্যাচের জন্য নিষিদ্ধ হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত