বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার কাছে ২-০ ব্যবধানে হারার পর দলের কয়েকজন তারকা খেলোয়াড়কে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন জার্মানি দলের হেড কোচ জুলিয়ান ন্যাগেলসম্যান। গতকাল বৃহস্পতিবার রাতে ডেভিড হ্যাঙ্কো এবং ডেভিড স্ট্রেলেকের গোলে জার্মানিকে গুঁড়িয়ে দেয় স্লোভাকিয়া। এই নিয়ে পরপর তিনটি ম্যাচ হারল জার্মানি।
ঘরের মাঠে প্রথমার্ধের শেষ দিকে স্লোভাকিয়াকে এগিয়ে দেন ডেভিড হ্যাঙ্কো। ওই গোলে অ্যাসিস্ট করা ডেভিড স্ট্রেলেক দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচ হারের পর জার্মানির কোচ ন্যাগেলসম্যান বলেছেন, ‘আমরা জার্মানির সেরা খেলোয়াড়দের বেছে নিয়েছি, কিন্তু হয়তো ভবিষ্যতে আমাদের মানের চেয়ে এমন খেলোয়াড়দের দিকে গুরুত্ব দিতে হবে যারা মাঠে সর্বোচ্চটা দিয়ে খেলবে।’
স্লোভাকিয়ার কাছে হেরে ২০২৬ সালের বিশ্বকাপের পট ১-এ জায়গা হারানোর ঝুঁকিতে পড়েছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তারা শীর্ষ ৯-এর বাইরে চলে গেছে। ন্যাগেলসম্যান আরও যোগ করেন, ‘আজ আমাদের খেলায় কোনো নিবেদন ছিল না। নিবেদনের দিক থেকে প্রতিপক্ষ আমাদের চেয়ে অনেক এগিয়ে ছিল। আমরা বিশ্বকাপে যেতে চাই, কিন্তু আজ আমরা সেই অবস্থার অনেক দূরে ছিলাম।’
বাছাইপর্বে জার্মানির পরবর্তী ম্যাচ আগামী রবিবার আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে। সেই ম্যাচের আগে শিষ্যদের সতর্ক করে ন্যাগেলসম্যান আরও বলেন, ‘আমি দলের সবাইকে বলতে চাই, তাদের বুঝতে হবে মাঠে যদি আপনার ইচ্ছাশক্তি ও প্রয়াস দেখা না যায়, তাহলে প্রতিপক্ষের চেয়ে ভালো খেলোয়াড় হওয়া যথেষ্ট নয়। হ্যান্ডব্রেক আটকে রেখে আপনি ফলাফল পাবেন না।’
বিসিবি সভাপতিকে নজিরবিহীন হুমকি; সশস্ত্র নিরাপত্তার আবেদন
ইয়ামাল-নিকোল ব্রেকআপ নিয়ে বিস্ফোরক দাবি, ‘৭০ নারীর সঙ্গে পার্টি’
‘ভেবেছিলাম আর বিশ্বকাপ খেলব না, কিন্তু এখন উৎসাহ পাচ্ছি’