জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতে বাংলাদেশ। তবে পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যাবে লঙ্কানদের পাল্লাই ভারী ছিল। আফগানিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টিতে জয়ের চেয়ে হারের সংখ্যাই বেশি। তবু এশিয়া কাপে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মতো দলগুলোর বাংলাদেশকে ভয় না পাওয়ার কোনো কারণ দেখছেন না তাসকিন আহমেদ।
এশিয়া কাপের আগে টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কা, পাকিস্তান ও সবশেষ নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।
শুক্রবার এক অনুষ্ঠানে গিয়েছিলেন তাসকিন। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য নিয়ে সেখানে সাংবাদিকদের তাসকিন বলেন, 'আমার, দলের সবার প্রত্যাশা চ্যাম্পিয়ন হওয়া, এটাই মূল্য লক্ষ্য। আসলে আমরা তো শুধু অংশগ্রহণ করতে যাচ্ছি না। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষে আমাদের সবশেষ তিনটা সিরিজই আল্লাহ রহমতে জয় পেয়েছি। এটা ভালো আত্মবিশ্বাস দেবে।'
এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। সুপার ফোরে যেতে বাংলাদেশের লড়াইটা হবে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে। অনিশ্চয়তার ক্রিকেটে বিশ্বকাপ ও বড় ইভেন্টে অনেক সময়ই ছোট দলগুলো বড় দলকে হারিয়ে দেয়। তবু তাসকিন মনে করেন, আফগান ও লঙ্কানরা বাংলাদেশকে নিয়ে ভয়েই থাকবে।
তাসকিন বলেন, 'টি-টোয়েন্টি খেলায় অনেক অনিশ্চয়তা থাকে। দেখবেন অনেক ছোট দল বিশ্বকাপ বা বড় ইভেন্টে বড় দলকে হারায়। টি-টোয়েন্টি ফরম্যাটে একটা ওভারে মোমেন্টাম শিফট হতে পারে। তবে ভয় না পাওয়ার কারণ নাই। কারণ অতীতে আমরা ফাইনাল খেলেছি, চ্যাম্পিয়ন হওয়াটা বাকি। এটাও হবে ইনশাআল্লাহ।'
৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়া কাপ। বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে। ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা, ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপের শীর্ষ দুই দল উঠবে সুপার ফোরে।
মিতুলকে নিয়ে সংশয়, অভিষেক হতে পারে দুই ভাইয়ের একজনের
ডু অর ডাই ম্যাচে কেবল জয়েই চোখ মোরসালিনদের