২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে শক্তিশালী সূচনা করল ফ্রান্স। শনিবার পোল্যান্ডের ভ্রোৎস্লাভ শহরের স্টাডিওন মিয়েস্কিতে ইউক্রেনকে ২-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশঁর শিষ্যরা। ম্যাচে গোল করে ইতিহাস গড়েছেন রিয়াল মাদ্রিদের তারকা কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ৮৩ মিনিটে এমবাপ্পের দুর্দান্ত একক প্রচেষ্টা ফরাসিদের জয় নিশ্চিত করে। এটা ছিল ফ্রান্সের জার্সিতে তার ৫১তম গোল, যার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেললেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরির রেকর্ড। এমবাপ্পে এই মাইলফলক ছুঁলেন মাত্র ৭২ ম্যাচে, যেখানে অঁরির লাগে ১০৪ ম্যাচ। ফরাসি ইতিহাসে তার ওপরে আছেন কেবল অলিভিয়ের জিরুদ (৫৭ গোল)।
ম্যাচ শেষে এমবাপ্পে মজার ছলে বলেন, ‘বিগ আপ, তিতি (অঁরি)। কিন্তু আমি এখন আপনাকে ছাড়িয়ে যেতে চাই। তবে এটা সত্যিই গর্বের।’
একাদশে সাত পরিবর্তন নিয়ে পরিকল্পনা সাজান দেশঁ। নতুনদের সমন্বয়েই আসে প্রথম গোল। পিএসজি ফরোয়ার্ড ব্র্যাডলি বারকোলা বাঁ দিক দিয়ে দারুণ ক্রস বাড়ান, যেখান থেকে মাইকেল অলিসে ১১ মিনিটে নিখুঁত শটে বল জালে পাঠান। প্রথমার্ধে ফ্রান্সের একচ্ছত্র আধিপত্য ছিল। তিনটি শট তারা পাঠায় লক্ষ্যে, বিপরীতে ইউক্রেনের কোনো শটই পোস্টে যায়নি।
বিরতির পর আক্রমণে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইউক্রেন। বেশ কয়েকটি আক্রমণ করলেও ফরাসি রক্ষণ দৃঢ় থাকায় সমতায় ফিরতে পারেনি আন্দ্রি শেভচেঙ্কোর শিষ্যরা। হাফটাইমে বদলি হিসেবে নামা উসমান দেম্বেলে পরে চোট পেয়ে মাঠ ছাড়েন, যা তার ক্লাব পিএসজির জন্য বড় দুশ্চিন্তার খবর। তাকে বদলি করে নামানো হয় অভিষিক্ত হুগো একিতিকে।
জয়ের পর ফ্রান্স কোচ দেশঁ বলেন, ‘আমাদের হারানোর অনেক কিছু ছিল। তাই এই জয় দিয়ে বাছাইপর্ব শুরু করা দারুণ ব্যাপার।’
'শুধু অংশগ্রহন নয় এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতেই যাচ্ছি'
আনচেলত্তির ব্রাজিল এখন আর তারকানির্ভর নয়