বান্দরবানের নানা আয়োজনের মধ্যে দিয়ে শুভ মধু পূর্ণিমা উদযাপন করছে বৌদ্ধ ধর্মাবলম্বীরা। শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে ভান্তেদের ছোয়াই দান (উৎকৃষ্ট খাবার), বুদ্ধ পূজা ও সমবেত প্রার্থনা করা হয়।
এ উপলক্ষে সকাল থেকেই রাজরু বৌদ্ধ বিহারে, উজানী পাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে মধু পূর্ণিমার তাৎপর্য তুলে ধরেন বিহারাধ্যক্ষরা। বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে।
মধু পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বী সম্প্রদায়ের দায়ক-দায়িকারা বিহারে গিয়ে মোমবাতি প্রজ্জলন করেন, ধর্মীয় সমবেত প্রার্থনায় অংশ নেন।
এরপর বিকেলে বৌদ্ধধর্মালম্বীরা বিহারে গিয়ে গুরুভান্তের ধর্মদেশনা শ্রবন ও মোমবাতি জ্বালিয়ে নিজের পরিবার,বাবা-মা,গুরুজন ও দেশ-জাতির মঙ্গল কামনায় হাজার প্রদীব প্রজ্জলন করে প্রার্থনায় সমবেত হবেন।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের মতে, বহুবছর আগে পূর্ণিমাতে একটি বুনোহাতি বন থেকে ফলমূল সংগ্রহ করে ও একটি বানর মৌচাকের মধু নিয়ে তপস্যারত বুদ্ধকে দান করেছিল। ওই কাহিনী অনুসারে প্রতি বছর পূর্ণিমা তিথিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা নানা আয়োজনে দিনটি স্মরণ করে এবং মধু পূর্ণিমা হিসেবে উদযাপন করে আসছে।
