ক্রিকেটে যে রেকর্ডে উগান্ডার চেয়েও পিছিয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫ পিএম

২৫ বছর আগে আইসিসির পূর্ণ সদস্য হয়েছিল বাংলাদেশ। তবে একটি রেকর্ডে তারা আইসিসির সহযোগী সদস্য উগান্ডারও পেছনে পড়ে গেছে। গতকাল শুক্রবার ত্রিদেশীয় সিরিজে আরব আমিরাতের বিপক্ষে আফগানিস্তানের রুদ্ধশ্বাস জয়ের পর সামনে এসেছে এই রেকর্ডটি।

শারজায় গতকালের ম্যাচটি ৪ রানে জিতে নিয়েছে আফগানিস্তান। এর মাধ্যমে দ্বিতীয় টেস্ট খেলুড়ে দেশ হিসেবে তারা আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে একই ভেন্যুতে ২০টি ম্যাচ জিতল। প্রথমবার এই রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলায় বাংলাদেশ ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে জিতেছে ২৪টি। বিস্ময়কর হলেও সত্য যে, টেস্ট খেলুড়ে দলগুলোর মধ্যে একই ভেন্যুতে অন্তত ২০টি টি-টোয়েন্টি জেতা দল এই দুটিই।

আর সব দল হিসাব করলে এই রেকর্ডে সবার ওপরে আছে আফ্রিকার দেশ উগান্ডা। রুয়ান্ডার গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তারা ৩৯ ম্যাচ খেলে ৩৫টি জয় পেয়েছে। দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। তিনে থাকা তানজানিয়া গাহাঙ্গা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৮ ম্যাচে ২২ জয় পেয়েছে। বালির উদয়ন ক্রিকেট মাঠে ৪৪ টি–টোয়েন্টিতে ২১ জয় নিয়ে চারে ইন্দোনেশিয়া। পাঁচে আছে আফগানিস্তান।

একটি রেকর্ডে অবশ্য আফগানিস্তানই শীর্ষে। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে প্রথম দল হিসেবে তারা বিদেশের মাটিতে ২০টি ম্যাচ জিতেছে। এই রেকর্ডে দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তান দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৭টি ম্যাচ জিতেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত