আগামী নির্বাচন পুলিশের জন্য পরীক্ষা: আইজিপি

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচন পুলিশের জন্য ঐতিহাসিক এক পরীক্ষা বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, এই মুহূর্তে আমাদের গুরুত্বপূর্ণ কাজ হল জাতীয় নির্বাচন। এটি কেবল ক্ষমতার পালাবদল নয়, এটা আমাদের গণতন্ত্রের শেকড়কে আরও মহিমান্বিত করার এক সুযোগ।

আজ রবিবার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সদস্যদের উদ্দেশে এ মন্তব্য করেন তিনি।

আইজিপি বলেন, আমাদের প্রায় দেড় লাখ পুলিশ সদস্য নির্বাচনের সময় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেকের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে মনিটরিং করা হবে। সুতরাং প্রশিক্ষণ ও প্রস্তুতির মাধ্যমে আমরা প্রত্যেকে দক্ষ ও সুশৃঙ্খল হিসেবে নিজেদের গড়ে তুলব।

তিনি বলেন, আমরা যদি সততা, দক্ষতা ও নিরপেক্ষতার মাধ্যমে আমাদের নির্বাচনী দায়িত্ব পালন করি, তবে আমরা পুলিশের ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠা করতে পারব। আন্তর্জাতিক অঙ্গনেও প্রমাণের সুযোগ এসেছে, বাংলাদেশ পুলিশ একটি আধুনিক, গণতন্ত্র বান্ধব এবং কার্যকর বাহিনী।

তিনি আরও বলেন, আমরা চাই, দেশের ইতিহাসে সবচেয়ে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন হোক। এই লক্ষ্যে আমরা সবাই দক্ষতা, নিরপেক্ষতা দিয়ে আস্থা অর্জন করব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত