শেষ হলো ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এ উৎসবে কাঙ্ক্ষিত পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনধারার পরিচালক জিম জারমাশ। পারিবারিক কমেডি ধাঁচের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ তাকে এই সম্মান এনে দিয়েছে। এটি তিন পর্বের একটি কাহিনি, যেখানে সরল কমেডির আঙ্গিকে দেখানো হয়েছে বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যকার টানাপোড়েন।
সমালোচকদের কাছ থেকে বেশ ইতিবাচক পর্যালোচনা পেলেও স্বর্ণসিংহ পুরস্কারের জন্য ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’কে ফেভারিট মনে করা হয়নি। কিন্তু সবাইকে চমকে দিয়ে ঠিকই পুরস্কারটি বাগিয়ে নিলেন ৭২ বছর বয়সী জিম জারমাশ। শনিবার (৬ সেপ্টেম্বর) ইতালির ভেনিস শহরের লিদো দ্বীপে পালাৎসো দেল সিনেমা ভবনের মঞ্চে স্বর্ণসিংহ প্রাপ্তির পর তিনি বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি, তাদের কাছে প্রতিযোগিতা ঠুনকো বিষয়। তবে এই অপ্রত্যাশিত সম্মান আমি সত্যিই গভীর কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি।’
‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ ছবির গল্প সাজানো হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি, আয়ারল্যান্ডের ডাবলিন ও ফ্রান্সের রাজধানী প্যারিসের পটভূমিতে। পারিবারিক সম্পর্কের চারপাশেই ঘুরপাক খায় এর প্রতিটি অধ্যায়; যেখানে তেমন কোনও নাটকীয় ঘটনা ঘটে না, বরং প্রজন্মগত ব্যবধানের অস্বস্তি ও টানাপোড়েন গ্রাস করার মতো ছোট ছোট ব্যঞ্জনা ও নীরবতা দেখা দেয়। ছবিটিতে অভিনয় করেছেন কেট ব্ল্যানচেট, ভিকি ক্রিপস, অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটস, শার্লট র্যাম্পলিং, ইন্ডিয়া মুর, লুকা সাবাত ও মায়িম বিয়ালিক।
ট্রাম্পকে নিয়ে মশকরা সালমানের
এখনও নিরক্ষর দেশের ২২.১ শতাংশ জনগোষ্ঠী