জনসমর্থনহীনরা পিআর পদ্ধতিতে নির্বাচন চায় : ড. রশিদ আহমেদ

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০১ পিএম

পিআর পদ্ধতিতে যারা নির্বাচন চায়, তারা মাঠে জনসমর্থনহীন এবং রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক ও সাবেক ডাকসু সদস্য ড. রশিদ আহমেদ হোসাইনী।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লাকসামের মোদাফ্ফগঞ্জে আনছারিয়া ফাউন্ডেশন মাঠে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. হোসাইনী বলেন, গত ১৮ বছর ধরে বিএনপিকে ভাঙার জন্য দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছে। কিন্তু কোনো ষড়যন্ত্রই সফল হয়নি।

তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শে যারা বিশ্বাস করেন, তারা কখনোই চাঁদাবাজি করতে পারেন না। বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ রাজনৈতিক অপপ্রচার ছাড়া আর কিছু নয়।

লাকসাম উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে এ সুধী সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপি নেতা এ কে এম আতিকুর রহমান লিটন, ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর হোসেন শিপন, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইদুল ইসলাম সাঈদ এবং লাকসাম নওয়াব ফয়েজুন্নেছা কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস মজুমদার।

সমাবেশে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত