মেরিনোর হ্যাটট্রিকে তুরস্ককে উড়িয়ে দিল স্পেন

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম

দুর্দান্ত হ্যাটট্রিক করেন মিকেল মেরিনো। জোড়া গোলের আলো ছড়ালেন পেদ্রি। তাতে বিশ্বকাপ বাছাইয়ে 'ই' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্পেন ৬-০ তে বিধ্বস্ত করেছে তুরস্ককে। টানা দুই জয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে স্পেন।

ম্যাচ শুরু হতেই আক্রমণ করে তুরস্ক, ডি-বক্সের বাইরে থেকে হাকান কালহাগনুর শট রুখে দেন স্পেন গোলরকিপার উনাই সিমোন। তবে ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে শটে দলকে এগিয়ে নেন পেদ্রি। ২২ মিনিটে ডি-বক্সে চার জন নিজেদের মধ্যে বল দেওয়া-নেওয়া করে পেনাল্টি স্পটের কাছ থেকে শটে বল জালে পাঠান আর্সেনালে খেলা মেরিনো। দুই মিনিট পর গোলের সুযোগ পেয়েও হতাশ করেন বার্সেলোনা ফরোয়ার্ড লামিন ইয়ামাল। প্রথমার্ধের শেষ দিকে চোটে মাঠ ছাড়েন উইঙ্গার নিকো উইলিয়ামস।

প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে, আবারও পাসিং ফুটবল আক্রমণে মিকেল ওইয়ারজাবালের পাস বক্সে পেয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন মেরিনো। ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় স্প্যানিশরা। বুলগেরিয়ার বিপক্ষে আগের ম্যাচে স্পেন প্রথমার্ধে ৩-০ তে এগিয়ে ছিল। পরে অবশ্য তারা আর গোল করতে পারেনি।

৫৩ মিনিটে পাল্টা আক্রমণে উঠে ইয়ামালের পাস থেকে স্কোরলাইনে নাম লেখান ফেরান তরেস। চার মিনিট পর ইয়ামালের পাস ধরে আচমকা শটে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। এবারের বিশ্বকাপ বাছাইয়ে দুই ম্যাচে চার গোল হয়ে গেল মেরিনোর। জাতীয় দলের হয়ে আর্সেনাল মিডফিল্ডারের গোল হলো ৮টি। ৬২ মিনিটে স্কোর ৬-০ করেন পেদ্রি।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে 'ই' গ্রুপের শীর্ষে স্পেন। সমান ৩ করে পয়েন্ট নিয়ে জর্জিয়া দুইয়ে ও তুরস্ক তিনে আছে। কোন ম্যাচ না জেতা বুলগেরিয়া সবার শেষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত