নিষিদ্ধ ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৫ পিএম

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিস্ফোরক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আবু সালেহ মো. নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ অভিযান চালিয়ে রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খামারমোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নাহিদ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

তার বিরুদ্ধে ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলা, সিনিয়রদের মারধর, হলে সিট বাণিজ্য, শারীরিক ও মানসিক নির্যাতন এবং শিক্ষক-কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। এসবের সম্পৃক্ততার কারণে বেরোবি প্রশাসন এর আগে এক বছরের জন্য বহিষ্কার করে। পরবর্তীতে শিক্ষার্থীদের চাপের মুখে হামলাকারীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাদী হয়ে তাজহাট থানায় মামলা করেন।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাশেদ খান বলেন, আমরা খবর পেয়ে রংপুরের খামার মোড় অঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করি। সোমবার গ্রেপ্তার আবু সালেহ মো. নাহিদকে কোর্টে পাঠানো হবে।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত