ব্যতিক্রম কেবল দীপা

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৩ পিএম

মঞ্চ অভিজ্ঞতা ছাড়াই কেবলমাত্র নিজের মেধা ও দক্ষতা দিয়ে যারা টিভি নাটকে জ্যোতি ছড়িয়েছেন, তাদের মধ্যে অনতম দীপা খন্দকার। কোনোরকম বিরতি ছাড়াই এই মডেল-অভিনেত্রী সাফল্যের সঙ্গে কাটিয়ে দিয়েছেন ক্যারিয়ারের ২৬টি বছর। কখনো কখনো পুরো মাস জুড়ে তার ব্যস্ততা ছিল আবার কখনো কখনো কাজ একটু কমিয়ে সংসারে সময় দিয়েছেন। তবে কখনোই তিনি অভিনয় থেকে দূরে সরে যাননি। কারণ অভিনয়ই তার কাছে মনেপ্রাণে নেশা, পেশা। নিজেকে একজন অভিনেত্রী হিসেবেই তাই সবসময় ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করেন। তবে এই অভিনেত্রী এটাও বলেন, সবার আগে স্বামী-সন্তান ও সংসার, তারপর অন্য কিছু। 

নাটকের পাশাপাশি সিনেমাতেও সমান দক্ষতার পরিচয় দিয়েছেন নন্দিত এই তারকা। এছাড়া সময়ের আরেক জনপ্রিয় মাধ্যম ওটিটিতেও কাজ করছেন সমান তালে। যেখানে তার সময়কালের অনেকের হাতে কাজ নেই। দীপা সেখানে নিজের মেধা, যোগ্যতা এবং অভিনয় দিয়ে পরিচালকদের কাছ থেকে নিয়মিত কাজের প্রস্তাব পাচ্ছেন। 

দীপা জানালেন, এরইমধ্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রচারের অপেক্ষায় ওয়েব ফিল্ম মাহমুদা রিমা পরিচালিত ‘লিটল মিস ক্যাওয়াস’-এ অভিনয় করেছেন তিনি। যেখানে একটি ব্রোকেন পরিবারের মেয়ের চরিত্রে দেখা যাবে তাকে।  এছাড়াও দীপা আইস্ক্রিন-এ প্রচারের জন্য অনন্য প্রতীক চৌধুরী পরিচালিত ‘নয়া নোট’ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন। এরই মধ্যে দীপা অভিনীত জাহিদ হোসেন পরিচালিত ‘ঋতুকামিনী’ সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়। বেশ কয়েক বছর আগে রুলিন রহমানের পরিচালিনায় ‘মায়ার বাঁধন’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিনি। সেই নাটকটিও এরইমধ্যে অবশেষে আরটিভিতে প্রচার শুরু হয়েছে। কয়েকটি পর্ব এরইমধ্যে প্রচার শেষ হয়েছে।

দীপ্ত প্লে’তে মাহমুদুর রহমান পরিচালিত ওয়েব সিরিজ ‘হাইড অ্যান্ড সিক’ নিয়মিত প্রচার হচ্ছে। পাশাপাশি কেএম সোহাগ রানা পরিচালিত এই সময়ের দর্শকপ্রিয় নাটক ‘অনুতপ্ত’তে অভিনয় করেও প্রশংসা কুড়ান দীপা। 

এদিকে রবিবার ( ৭ সেপ্টেম্বর) থেকে রাজধানীর উত্তরায় মশিউর রহমানের রচনা ও পরিচালনায় ‘মাতৃত্বের স্বাদ’ নাটকে অভিনয় করছেন দীপা। এতে দীপার সঙ্গে আরও অভিনয় করছেন জয়রাজ, সুকন্যা রহমান-সহ আরও অনেকে। আগামী মাসের শুরুতে আরও একজন প্রখ্যাত নাট্যনির্মাতার নির্দেশনায় নতুন একটি ধারাবাহিক নাটকের কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। 

সব কাজের প্রসঙ্গ টেনে দীপা খন্দকার বলেন, ‘যে কাজই করছি সবগুলো কাজেরই গল্প আসলে খুব সুন্দর। হোক সেটা সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম বা ওয়েব সিরিজ। ওয়েব ফিল্ম লিটল মিস কাওয়াস-এর গল্পটা এক কথায় দুর্দান্ত। জীবনের প্রতিচ্ছবি বলা যায়। আর অনন্য তো আমাদের চয়নিকা চৌধুরী দিদির ছেলে। তার নির্দেশনায় নয়া নোট-এ ছোট্ট একটি চরিত্রে অভিনয় করেছি। আমি আমার ক্যারিয়ার একা গড়েছি, আমার জন্য গড়েছি, কেউ গড়ে দেয়নি।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত