কে বলল ভারত ফেভারিট: সূর্য, টি-টোয়েন্টিতে ফেভারিট বলে কিছু নেই: সালমান 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩২ পিএম

এশিয়া কাপ শুরুর আগে মঙ্গলবার দুবাইয়ে অনুষ্ঠিত অধিনায়কদের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ভারতের সুর্যকুমার যাদব ও পাকিস্তানের নতুন অধিনায়ক সালমান আলি আগা। টুর্নামেন্ট শুরুর আগেই ভারতকে যেখানে ‘অপরাজেয় ফেবারিট’ বলা হচ্ছে, সেই প্রসঙ্গে দুই অধিনায়কের প্রতিক্রিয়া ছিল বেশ তাৎপর্যপূর্ণ।

এক সাংবাদিক প্রশ্ন তুললে সুর্যকুমার বিস্মিত ভঙ্গিতে পাল্টা প্রশ্ন করেন, 'কে বলল (ভারত ফেভারিট)? আমি তো শুনিনি।” তিনি আরও বলেন, “যদি প্রস্তুতি ভালো থাকে তবে মাঠে নামার সময় আত্মবিশ্বাসও আসে। আমরা কিছুদিন ধরে একসাথে আছি, দল হিসেবে ভালো প্রস্তুতি নিয়েছি। এশিয়া কাপে খেলতে মুখিয়ে আছি।”

অন্যদিকে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়ে দেন, টি-টোয়েন্টিতে কোনো দলকে ফেবারিট বলার সুযোগ নেই। তার ভাষায়, 'টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো দল ফেবারিট নয়। নির্দিষ্ট দিনে ভালো খেললেই জয় সম্ভব। কয়েক ওভারেই ম্যাচ ঘুরে যায়।'

আগ্রাসনের প্রশ্নে অবস্থান

সাংবাদিকদের আরেক প্রশ্ন ছিল, ভারত-পাকিস্তান ম্যাচে খেলোয়াড়দের কি নিজেদের আগ্রাসন নিয়ন্ত্রণ করতে হবে? সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে সুর্যকুমার বলেন, 'আগ্রাসন সবসময় মাঠে থাকে। আগ্রাসন ছাড়া এই খেলা খেলা যায় না। আমি খুবই রোমাঞ্চিত মাঠে নামতে। প্রত্যেক খেলোয়াড় জানে কিভাবে নিজের সেরাটা দিতে হয়।'

পাকিস্তান অধিনায়কও প্রায় একই সুরে কথা বলেন, 'যদি কেউ মাঠে আগ্রাসী হতে চায়, সেটা তার নিজস্ব ব্যাপার। বিশেষ করে ফাস্ট বোলাররা আগ্রাসন ছাড়া খেলতেই পারে না। তবে যতক্ষণ তা খেলার স্পিরিটের মধ্যে থাকে, আমার আপত্তি নেই।'

রাজনৈতিক আবহে হাই-ভোল্টেজ ম্যাচ

আগামী ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান মুখোমুখি হবে এশিয়া কাপে। পাহেলগাঁও সন্ত্রাসী হামলা ও ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিন্দুর’-এর পর এটিই হবে দুই দলের প্রথম সাক্ষাৎ। ফলে মাঠের লড়াই ঘিরে রাজনৈতিক আবহও তীব্র। তবু দুই অধিনায়কই চেষ্টা করেছেন ক্রিকেটকে মাঠের ভেতরেই সীমাবদ্ধ রাখতে।

ভারত সরকারও বিশেষ অনুমতি দিয়েছে এ টুর্নামেন্টে অংশ নিতে, যেখানে ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও আইসিসির আর্থিক আয়-রোজগারের সবচেয়ে বড় উৎস তৈরি হয়েছে।

সংবাদ সম্মেলনের এই কথোপকথনই এশিয়া কাপ ২০২৫-এর সূচনার আগেই ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে উত্তাপ আরও বাড়িয়ে দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত