হুন্ডি বা মানি লন্ডারিংকে রেমিটেন্স প্রবাহে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা বলে উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বৈধপথে রেমিটেন্স প্রবাহ বাড়াতে হুন্ডি ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে হবে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরীর একটি রেস্টুরেন্টে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ট্রান্সফার অ্যাপ ‘নালা’ আয়োজিত ‘রেমিট্যান্স বৃদ্ধিতে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, বৈধপথে রেমিটেন্স পাঠালে প্রবাসীদের জন্য যে বিশেষ সুবিধা রয়েছে এবং বর্তমানে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসে দ্রুত রেমিটেন্সের অর্থ পৌঁছানোর যে ব্যবস্থা রয়েছে- অনেকে তা অবগত নয়। এসব বিষয় তুলে ধরে গণমাধ্যমকর্মীরা তাঁদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারে। একই সঙ্গে সরকার ও বৈদেশিক মন্ত্রণালয়কে বৈধ চ্যানেলে টাকা পাঠানোর প্রক্রিয়া আরও সহজতর করতে হবে।
অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসনে অনুষদের অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, হুন্ডি অবৈধ চ্যানেলে অর্থ পাঠানোই হুন্ডি। এর সঙ্গে রিজার্ভের কোন সম্পর্ক সেই। এগুলো ‘ব্ল্যাক মানি’ হিসেবে চিহ্নিত। কিন্তু এ বিষয়ে সবাই সচেতন নন। এক্ষেত্রে গণমাধ্যম পথ দেখাতে পারে। গণমাধ্যমকর্মীদের চিন্তা সাধারণ মানুষের চেয়ে ভিন্নতর। সাধারণ মানুষ যা দেখতে পায় না তা গণমাধ্যমকর্মী তুলে আনেন। এর ফলে জনমত গড়ে উঠে এবং জবাবদিহি নিশ্চিত হয়।
নালা বাংলাদেশের হেড অব গ্রোথ মাহমুদুল হাসান অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, রেমিট্যান্স বাড়াতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে গণমাধ্যম। বৈধ চ্যানেলে কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে পাঠাতে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে পারে।
তিনি বলেন, ‘নালা’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে আফ্রিকা ও এশিয়ায় দ্রুত, নিরাপদ ও স্বচ্ছভাবে টাকা পাঠানোর সুযোগ দিচ্ছে। রেমিটেন্স ট্রান্সফারে নালা দিচ্ছে জিরো ট্রান্সফার ফি ও সেরা এক্সচেঞ্জ রেট। এই চ্যানেলে হুন্ডির চেয়ে অনেক দ্রুত, তাৎক্ষণিক টাকা পাঠানো সম্ভব। অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষ থেকে এনটিভির সিনিয়র রিপোর্টার আরিচ আহমেদ শাহ বকত্ব্য রাখেন।
মুন্সীগঞ্জে দুটি গ্যারেজে ডাকাতি, ছয় অটোরিকশা লুট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে সারজিসের অভিনন্দন