রান রেট বাড়ানোর চেয়ে ম্যাচ জেতাটা গুরুত্বপূর্ণ: হৃদয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

তাওহীদ হৃদয় কিছুতেই স্বচ্ছন্দে ব্যাটিংটা করতে পারছেন না। গতকাল এশিয়া কাপে হংকংকে হারানোর পথে করেছেন ৩৬ বলে অপরাজিত ৩৫ রান। এই ইনিংস আপাতদৃষ্টিতে কার্যকর মনে হলেও টি-টোয়েন্টিসুলভ নয়। রান তাড়ায় বাংলাদেশও ধীরগতির ব্যাটিং করে জিতেছে ১৪ বল হাতে রেখে। অনেকে বলছেন, টাইগারদের আরও আগে জেতা উচিত ছিল। কিন্তু তাওহীদ হৃদয় তা এমনটা ভাবছেন না।

এদিন ম্যাচসেরা লিটন দাসের স্ট্রাইকরেট ১৫১.২৮ থাকলেও হৃদয়ের স্ট্রাইকরেট ছিল ১০০-এর চেয়ে কম। তবু ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আত্মপক্ষ সমর্থন করে হৃদয় বলেন, ‘জেতার মানসিকতা নিয়েই সবাই মাঠে যাই। দিনশেষে ফলাফলটাই আসলে গুরুত্বপূর্ণ। ম্যাচ যদি না জিততাম, তাহলে আপনারাই তো প্রশ্ন তুলতেন। আমরা পরিস্থিতির দাবি অনুযায়ী খেলার চেষ্টা করেছি।’

আবুধাবিতে আগে ব্যাটিংয়ে নেমে হংকংয়ের ১৪৩ রান তাড়ায় ৭ উইকেটে জিতেছে বাংলাদেশ। ১৪ বল আগে জেতায় লিটনদের নেট রানরেট হয়েছে ‍+১.০০১। সাধারণত দুর্বল প্রতিপক্ষ পেলে বড় দলগুলো তাদের গুঁড়িয়ে দিয়ে নেট রানরেট বাড়িয়ে নেয়। চলতি আসরেই ওমানকে নির্দয়ভাবে গুঁড়িয়ে দিয়েছে ভারত। কিন্তু হংকংয়ের বিপক্ষে বাংলাদেশকে দেখা গেল উল্টোপথে হাঁটতে।

আসলে প্রতিপক্ষ হংকং হলেও নেট রানরেট বাড়ানোর চেয়ে ম্যাচ জেতাটাই গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করেন হৃদয়। হংকংকে হারিয়ে হৃদয়রা যেন হাঁফ ছেড়ে বেঁচেছেন, ‘রান রেট বাড়ানোর চিন্তা ছিল। তার চেয়ে বড় কথা, ম্যাচটা যেন হাত থেকে না ফসকায়, সেটা নিশ্চিত করতে হবে। আরও দুই-এক ওভার আগে হয়তো জিততে পারতাম। তবে দিন শেষে ফলটা যে আমাদের পক্ষে এসেছে, সেটা অনেক গুরুত্বপূর্ণ।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত