সম্ভব হয়নি জাকসু নির্বাচনের ফল ঘোষণা, বাড়ছে অপেক্ষা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৯ এএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনায় প্রায় দুইদিন পেরিয়ে গেলে, এখনও ফলাফল পাওয়া যায়নি। অপেক্ষার ক্ষণ বেড়েই চলছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টা পর্যন্ত ২১টি হলের মধ্যে ১৭টি হলের ভোট গণনা শেষ হয়েছে। তাই আশা করা যাচ্ছে দুপুরের মধ্যে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে। 

এদিকে নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহী সাত্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে সংবাদ সম্মেলন করে মাফরুহী সাত্তার বলেন, ত্রুটিপূর্ণ নির্বাচন ব্যবস্থা ও ব্যর্থতার দায়ভার নিয়ে আমি পদত্যাগ করছি। সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড ছিল না। সিদ্ধান্ত ছিল মেশিনের মাধ্যমে ভোট গণনার, কিন্তু তা না করে ম্যানুয়ালি গণনা করা হয়েছে, এটি একটি বড় অনিয়ম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে হলের কেন্দ্রগুলো থেকে ব্যালট বাক্স সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার কিছু পর শুরু হয় গণনা কার্যক্রম। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত