হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে সময়ের কণ্ঠস্বরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তালহা হাসান ও সাধারণ সম্পাদক পদে দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি মো. রাফিউল হুদা নির্বাচিত হয়েছেন।
পুনরায় ভোট গণনা শেষে সোমবার (২০ এপ্রিল) বিকেল ৪টার দিকে প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এস এম এমদাদুল হাসান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
রবিবার (১৯ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভবনে সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট শেষে বিশ্ববিদ্যালয়ের দুটি হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভোট গণনা স্থগিত করা হয়।
নির্বাচিত অন্যান্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক মানবকণ্ঠের মো. হায়দার আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের শাহরিয়ার স্বর্ণব, সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশের কামরুল হাসান, দপ্তর সম্পাদক পাবলিকিয়ান টুডের মো. আরাফাত ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক গণকণ্ঠের সারোয়ার আলম রিজন ও প্রচার ও প্রকাশনা সম্পাদক অভিযাত্রা ডটকমের সাইয়্যেদুল ইসলাম সরকার ছোয়াদ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সংবাদ২৪৭-এর মো. আব্দুল্লাহিল শাফী, সময় জার্নালের মো. বাঁধন হোসাইন ও সারাদেশ প্রতিদিনের মো. রিয়াদুল হাসান।
নির্বাচনে ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২০ জন স্বশরীরে ও তিনজন পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেন।
