ভারত ম্যাচের আগে পাকিস্তানের দুর্বলতা খুঁজে পেলেন ওয়াসিম আকরাম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ এএম

চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান উভয় দলই বিধ্বংসী জয় দিয়ে শুরু করেছে এশিয়া কাপ। আগামীকাল রবিবার মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দল। পুরো ক্রিকেটবিশ্বের নজর থাকবে দুবাইয়ে। পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম বিশ্বাস প্রকাশ করেছেন যে, কিছু দুর্বলতা থাকলেও শক্তিশালী ভারতের বিপক্ষে সালমান আগার দল দারুণ প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে।

সামরিক উত্তেজনার পর ভারত-পাকিস্তানের এটি প্রথম মুখোমুখি লড়াই, যা ঘিরে বৈশ্বিক আগ্রহ তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ম্যাচের টিকিট ইতোমধ্যেই সম্পূর্ণ বিক্রি হয়ে গেছে। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারত গত বছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর থেকে তারা ২১ ম্যাচের মধ্যে ১৮টিতেই জয় পেয়েছে। এবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই তারা স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে গুঁড়িয়ে দেয়।

অন্যদিকে, আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজ জিতে চাঙ্গা মেজাজেই এশিয়া কাপে প্রবেশ করেছে পাকিস্তান। গতকাল তারা ওমানকে হারিয়েছে ৯৩ রানের বিশাল ব্যবধানে। টেলিকম এশিয়া স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে আকরাম বলেন, ‘এটা হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। খেলোয়াড়দের দিক থেকে ভারত তুলনামূলক শক্তিশালী দল, তবে পাকিস্তানও আত্মবিশ্বাসী থাকবে কারণ তারা সদ্য ত্রিদেশীয় সিরিজ জিতেছে। তারা নিশ্চয়ই ভালো লড়াই করবে।’

আকরাম আরও বলেন, নতুন অধিনায়ক সালমান আঘা এবং কোচ মাইক হেসনের নেতৃত্বে পাকিস্তান গঠনমূলক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। একইসঙ্গে তাৎক্ষণিক সাফল্যের আশা না করার পরামর্শও দিয়েছেন, ‘এটা তরুণ দল, সময় লাগবে পরিণত হতে। আমরা জাতি হিসেবে খুব দ্রুত ফল চাই, কিন্তু সেটা বাস্তবসম্মত নয়। ভারত দীর্ঘ সময় ধরে শক্তিশালী দল গড়েছে। তাদের দারুণ হাই-পারফরম্যান্স সেন্টার, কোচিং সেটআপ এবং মানসম্মত আইপিএল আছে। খেলোয়াড়রা ইনজুরিতে পড়লে সেখানে সঠিক রিহ্যাব পায়।’

পাকিস্তান দলের কিছু দুর্বলতা নিয়ে আকরাম বলেন, ‘হারিস তার স্বাভাবিক ওপেনিং পজিশনে খেলছে না, তাই সে সংগ্রাম করছে। ওপেনারদের জন্য মিডল অর্ডারে খেলাটা অনেক কঠিন। পঞ্চম বোলিং অপশন হিসেবে দুইজন পার্ট-টাইমার থাকলে প্রতিপক্ষ অবশ্যই তাদের আক্রমণ করবে। তাই পাঁচজন পূর্ণাঙ্গ বোলার থাকা জরুরি, না হলে চাপ চলে আসবে ব্যাটিংয়ের ওপর।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত