২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান আনচেলত্তি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৭ পিএম

ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির অধীনে ঘুরে দাঁড়িয়েছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে নতুন করে দল সাজাচ্ছেন খ্যাতিমান এই কোচ। ব্রাজিলিয়ান ফুটবলের নতুন অধ্যায়ের শুরুতেই তিনি এবার নিজের ভবিষ্যতের পরিকল্পনা প্রকাশ করেছেন। সিবিএফের সঙ্গে তার এক বছরের চুক্তি হলেও ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে থাকতে তার আপত্তি নেই।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘ব্রাজিলের জন্য বিশ্বকাপের প্রস্তুতি বিশেষ কিছু। আমি প্রথমে এক বছরের চুক্তি করেছি। কিন্তু এখন সবকিছু উন্মুক্ত। যদি সিবিএফ চায়, (২০২৬ বিশ্বকাপের পর ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত) আমি কোনো সমস্যা ছাড়াই চালিয়ে যেতে পারি। আমার এবং আমার পরিবারের জন্য এখানে থাকা আনন্দের।’

সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, আনচেলত্তির ওপর সর্বোচ্চ আস্থা রেখেছে সিবিএফ। পাশাপাশি, দলের খেলোয়াড়রাও ইতালিয়ান কোচের সঙ্গে ‘দাদু-নাতির’ সম্পর্ক এবং তার খোলামেলা মনোভাবকে প্রশংসা করেছেন। মিডফিল্ডার ব্রুনো গিমারায়েস এবং ফরোয়ার্ড লুইজ হেনরিকে আনচেলত্তির সঙ্গে দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উদাহরণ জানিয়েছেন।

আনচেলোটি দ্রুত ব্রাজিলের সংস্কৃতি ও ভাষার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য ব্যক্তিগতভাবে পর্তুগিজ ভাষা শেখার মিশনে নেমেছেন। ব্রাজিলের কোচ হিসেবে এখন পর্যন্ত চার ম্যাচে তিনি দুটি জয়, একটি ড্র ও একটি পরাজয়ের স্বাদ পেয়েছেন। ব্রাজিল জাতীয় দলের পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী মাসে। ১০ অক্টোবর তারা খেলবে দক্ষিণ কোরিয়ার মাটিতে। এর তিন দিন পর ১৪ অক্টোবর জাপান সফর করবেন রাফনহা-ভিনিসিয়ুসরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত